২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামালপুরে কালবৈশাখী ঝড়, নিহত ২

জামালপুরে কালবৈশাখী ঝড়ে ঘরচাপা পড়ে এক জনের মৃত্যু হয়েছে। বজ্রপাতে নিহত হয়েছেন আরো এক জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2012, 12:42 PM

Updated : 24 Aug 2022, 11:07 AM

জামালপুর, এপ্রিল ০৬ (বিডিনিউজ টোয়েনটিফোর ডটকম)- জামালপুরে কালবৈশাখী ঝড়ে ঘরচাপা পড়ে এক জনের মৃত্যু হয়েছে। বজ্রপাতে নিহত হয়েছেন আরো এক জন। বৃহস্পতিবার রাতে কালবৈশাখী ঝড়ে শ্রীপুরের ভালুকা গ্রামে ঘর ভেঙে পড়লে চাপা পড়ে মমিন মিয়া (১৪) নামে এক মাদ্রাসা ছাত্র মারা যায়। মমিন কেশবপুর মাদ্রাসার অষ্টম শ্রেণীর ছাত্র। একই সময় বজ্রপাতে জেলার সরিষাবাড়ি থানার সাঞ্চেরপাড় গ্রামের রহিম বাদশার স্ত্রী আসমা বেগমের (৪০) মৃত্যু হয়। এ ছাড়া সদর উপজেলার শ্রীপুর কুমারিয়া ও রশীদপুর ইউনিয়নের ৬টি গ্রামে ঝড়ে ঘর ও গাছচাপা পড়ে কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। স্থানীয়রা জানিয়েছেন, ঝড়ে রশীদপুর ইউনিয়নের নামাপাড়া, নয়াপাড়া, ক্ষেত্রীপাড়া, মিরিকপুর এবং শ্রীপুর ইউনিয়নের ভালুকা ও বিষ্ণুপুর গ্রামের ৩ শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে এবং উপড়ে গেছে অসংখ্য গাছপালা। জামালপুরের অতিরিক্ত জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম জানান, মাত্র কয়েক মিনিটের ঝড়ে অনেকেই ক্ষতির শিকার হয়েছেন। শুক্রবার সকালে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে এলাকাবাসীকে সরকারি সাহায্য দেওয়ার আশ্বাস দিয়েছেন বলেও জানান তিনি। বিডিনিউজ টোয়েনটিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/এএল/১৮৪৬ ঘ.