২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রমজানে তেল চিনির সংকট হবে না: সচিব

বাণিজ্য সচিব গোলাম হোসেন বলেছেন, আসন্ন রমজান মাসে ভোজ্য তেল ও চিনির সংকট হবে না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2012, 04:24 PM

Updated : 24 Aug 2022, 11:07 AM

ঢাকা, এপ্রিল ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাণিজ্য সচিব গোলাম হোসেন বলেছেন, আসন্ন রমজান মাসে ভোজ্য তেল ও চিনির সংকট হবে না। আগামী জুলাইয়ের তৃতীয় সপ্তাহে শুরু হতে যাওয়া রমজানে চিনি ও ভোজ্য তেল সঙ্কট যাতে না হয় সেজন্য সরকার এ দুটি পণ্য আমদানির ক্ষেত্রে ব্যাংকগুলোতে ঋণপত্র (এলসি) খুলতে সহায়তা দেওয়ার জন্য বাংলাদেশ ব্যাংককে নির্দেশ দিয়েছে। বৃহস্পতিবার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মিলমালিক ও পরিবেশকদের সঙ্গে ‘ভোজ্য তেল ও চিনির বাজার পরিস্থিতি ও সরবরাহ’ বিষয়ক এক সভা শেষে বাণিজ্য সচিব সাংবাদিকদের এ কথা জানান। তিনি বলেন, বর্তমানে দুই লাখ ৭৫ হাজার টন পরিশোধিত চিনি এবং তিন লাখ টন চিনি আমদানির ঋণপত্র খোলা হয়েছে। এতে আগামী পাঁচ মাসের চিনির চাহিদা মেটানো যাবে। সরকারি হিসাবে প্রতিমাসে দেশে চিনির চাহিদা প্রায় এক লাখ টন চিনি। সচিব জানান, ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশে (টিসিবি) ২৫ হাজার টন চিনি মজুদ আছে। চিনি কলে আছে প্রায় এক লাখ টন। সব মিলিয়ে চিনি আমদানি ও মজুদ মিলিয়ে সাত লাখ টন হবে উল্লেখ করে গোলাম হোসেন বলেন, “তাই আগামী রমজানে চিনি সঙ্কট হবে না।” চিনির বাজার মূল্য স্থিতিশীল থাকবে বলেও উল্লেখ করেন তিনি। বাণিজ্য সচিব বলেন, বর্তমানে মিলমালিকদের কাছে এক লাখ ৬২ হাজার টন ভোজ্য তেল মজুদ আছে এবং আমদানির জন্য পাইপলাইনে আছে দুই লাখ ১৩ হাজার টন ভোজ্য তেল। তিনি জানান, গত বছরের তুলনায় এবার ভোজ্য তেলের দাম লিটারে ১০ থেকে ১৫ টাকা বেড়েছে। টাকার বিপরীতে ডলারের দাম বৃদ্ধি এবং জ্বালানির মূল্য বৃদ্ধির কারণে তেলের এই মূল্য বৃদ্ধি হয়েছে বলে মন্তব্য করেন সচিব। সরকার ডিম আমদানির সিদ্ধান্ত নেয়নি জানিয়ে বাণিজ্য সচিব বলেন, ব্যবসায়ীদের কাছ থেকে এ ধরনের প্রস্তাব এসেছে। তবে এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এএইচ/২২১৭ ঘ.