২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গুঁড়িয়ে দেওয়া হলো সাবেক ইউপি চেয়ারম্যানের বাড়ি

গাজীপুরের কাশিমপুরে অর্পিত সম্পত্তিতে নির্মিত এক সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের বাড়ি গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2012, 03:14 PM

Updated : 24 Aug 2022, 11:07 AM

গাজীপুর, এপ্রিল ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরের কাশিমপুরে অর্পিত সম্পত্তিতে নির্মিত এক সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের বাড়ি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে গাজীপুরের ভূমি অধিগ্রহণ কর্মকর্তা মো. মামুন মিয়ার নেতৃত্বে পুলিশের সহায়তায় বুলডোজার দিয়ে সাবেক ইউপি চেয়ারম্যান মো. শওকত হোসেনের বাড়ির একাংশ গুঁড়িয়ে দেওয়া হয়। কাশিমপুর ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা মো. ইব্রাহিম কাজী বিডিনিজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শওকত হোসেনের দখলে থাকা ওই জমি আরএস রেকর্ড অনুয়ায়ী অর্পিত সম্পত্তি। ২০০১ সালের প্রত্যর্পন আইন এবং ২০১১ সালে তার সংশোধিত আইন অনুযায়ী কোন অর্পিত সম্পত্তি কোন ব্যক্তি দাবি করতে পারে না, আর করলেও তা নাকচ হয়ে যাবে বলে জানান তিনি। ওই জমি ছেড়ে দিতে উচ্ছেদ মামলা ও নোটিস দেওয়া হলে ইউপি চেয়ারম্যান তা না ছেড়ে প্রথমে জেলা সাব-জজ আদালতে পরে জেলা জজ আদালতে যান। তবে আদালত মামলাটি খারিজ করলে বৃহস্পতিবার শওকতকে ওই জমি থেকে উচ্ছেদ করা হয়। অবশ্য শওকত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কাশিমপুর জমিদার গঙ্গা প্রসাদ রায় চৌধুরী, গৌতম প্রসাদ রায় চৌধুরী ও উত্তম রায় চৌধুরীর কাছ থেকে ২০০৯ সালে এক একর ৫২ শতাংশ জমি কিনে নিজের নামে নামজারি ও খাজনা পরিশোধ করেন এবং বহুতল ভবনসহ কয়েকটি টিনশেড নির্মাণ করেন তিনি। তিনি দাবি করেন, ১৯৭৫ সালেই ওই জমিদাররা আদালতের মাধ্যমে ওই সম্পত্তি অর্পিত সম্পত্তি নয় বলে রিলিজ করে নেন এবং ১৯৮৬ সালে প্রশাসনের অনুমতি নিয়েই তাদের নাম জারি করা হয়। ভূমি কর্মকর্তা জানান, আরএস রেকর্ডভুক্ত ওই জমি আদালত থেকে নয়, তৎকালে ‘সিও রেভিন্যু’ এর কাছ থেকে অবমু্িক্ত করে নিলেও ওই কর্মকর্তার তা অবমুক্তির ক্ষমতা নেই। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/এএল/২১০৭ ঘ.