২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বস্তি উচ্ছেদ: মহাখালী-গুলশান আড়াই ঘণ্টা অবরুদ্ধ

রাজধানীর গুলশান লেক সংলগ্ন কড়াইল বস্তি উচ্ছেদ করায় মহাখালী থেকে গুলশান এক নম্বর মোড় পর্যন্ত সড়ক প্রায় আড়াই ঘণ্টা অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছে বস্তিবাসী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2012, 04:52 AM

Updated : 24 Aug 2022, 11:07 AM

ঢাকা, এপ্রিল ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর গুলশান লেক সংলগ্ন কড়াইল বস্তি উচ্ছেদ করায় মহাখালী থেকে গুলশান এক নম্বর মোড় পর্যন্ত সড়ক প্রায় আড়াই ঘণ্টা অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছে বস্তিবাসী। গুলশান থানার পরিদর্শক (তদন্ত) নূরে আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সেলিম হোসেন ভূঁইয়ার নেতৃত্বে বুধবার কড়াইল বস্তি এলাকায় দিনভর উচ্ছেদ অভিযান চালানো হয়। এ সময় শতাধিক কাঁচা ও আধাপাকা ঘর বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। এর প্রতিবাদে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে বিক্ষোভ শুরু করে উচ্ছেদ হওয়া বস্তিবাসী। তারা গুলশান থেকে মিছিল নিয়ে মহাখালী ফ্লাইওভার পর্যন্ত আসে এবং যান চলাচল বন্ধ করে দিয়ে বিক্ষোভ করতে থাকে। এদিকে গুরুত্বপূর্ণ এ এলাকায় যান চলাচল বন্ধ থাকায় এয়ারপোর্ট রোড, বনানী, জাহাঙ্গীর গেইট ও তেজগাঁওসহ আশেপাশের এলাকায় সৃষ্টি হয় ব্যাপক যানজট। অফিসগামী যাত্রী ও এইচএসসি পরীক্ষার্থীরা ব্যাপক ভোগান্তিতে পড়েন। এক পর্যায়ে কামাল আতাতুর্ক এভিনিউ এবং মহাখালী ফ্লাইওভারেও যান চলাচল বন্ধ হয়ে যায়। হাজার খানেক নারী-পুরুষ এই বিক্ষোভে অংশ নেন বলে পুলিশ পরিদর্শক জানান। পুলিশের গুলশান জোনের সহকারী উপ কমিশনার নিজামুল হক মোল্লা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা তাদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছি। বেলা ১২টার দিকে আবার যান চলাচল শুরু হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এমএমআর/জেকে/১২১৮ ঘ.