২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সৌরশক্তি নির্ভর সেচ পাম্প স্থাপনের পরিকল্পনা

প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা বলেছেন, বিদ্যুৎ ও তরল জ্বালানির পরিবর্তে সৌরশক্তি নির্ভর সেচ পাম্প স্থাপনের পরিকল্পনা নিচ্ছে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2012, 03:37 PM

Updated : 24 Aug 2022, 11:06 AM

ঢাকা, এপ্রিল ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা বলেছেন, বিদ্যুৎ ও তরল জ্বালানির পরিবর্তে সৌরশক্তি নির্ভর সেচ পাম্প স্থাপনের পরিকল্পনা নিচ্ছে সরকার। জ্বালানি সাশ্রয় ও নিরবচ্ছিন পাম্প চালানোর সুবিধায় এ উদ্যোগ নেওয়া হচ্ছে বলে বুধবার এক অনুষ্ঠানে বলেন উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী। তিনি বলেন, “সোরশক্তি নির্ভর সেচ পাম্প স্থাপন আমাদের জন্য বড় একটি সম্ভাবনা। তবে এটি স্থাপন অনেক ব্যয়বহুল, পাশাপাশি স্থাপনের জন্য জায়গা সংকট এক্ষেত্রে অন্তরায় হিসেবে দেখা দিতে পারে।” তবে সব ধরনের সমস্যা মোকাবেলা করে এগিয়ে যেতে হবে মন্তব্য করে উপদেষ্টা বলেন, “বড় বড় বিদ্যুৎকেন্দ্র নির্মাণের মতো সৌরশক্তি নির্ভর সেচ পাম্প স্থাপনে বেসরকারি খাত বিনিয়োগে এগিয়ে এলে দ্রুত এ খাতের প্রসার ঘটবে।” বাংলাদেশ সোলার অ্যান্ড রিনিউয়্যাবল এনার্জি অ্যাসোসিয়েশনের (বিএসআরইএ) আত্মপ্রকাশ উপলক্ষে রাজধানীর রূপসী বাংলা হোটেলে ওই অনুষ্ঠান আয়োজন করা হয়। এতে আরো বক্তব্য দেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান সৈয়দ ইউসুফ হোসেন, সভাপতি এবং ব্রাইট গ্রীন এনার্জি ফাউন্ডেশনের চেয়ারম্যান দীপাল চন্দ্র বড়–য়া, জ্যেষ্ঠ সহ-সভাপতি এবং রহিমআফরোজ রিনিউয়্যাবল এনার্জি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মনোয়ার এম মঈন। সৈয়দ ইউসুফ হোসেন বলেন, “২০২১ সালের মধ্যে সবার ঘরে বিদ্যুৎ পৌঁছে দিতে ২০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা নিয়েছে সরকার। এর অংশ হিসেবে ১০ শতাংশ অর্থাৎ দুই হাজার মেগাওয়াট নবায়নযোগ্য জ্বালানি থেকে আসবে বলে পরিকল্পনায় বলা হয়েছে।” কমিশন নবায়নযোগ্য খাতের উন্নয়নে সার্বিক সহযোগিতা করবে বলে অনুষ্ঠানে আশ্বাস দেন তিনি। দীপাল বড়–য়া বলেন, “বাংলাদেশ একটি উন্নয়নশীল ও সম্ভাবনাময় দেশ হওয়া সত্ত্বেও দেশের চলমান বিদ্যুৎ ঘাটতির কারণে সব ধরনের উৎপাদন ও উন্নয়ন ব্যহত হচ্ছে।” এ বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে নবায়নযোগ্য ও সৌর শক্তি সংগঠনগুলোর একসঙ্গে কাজ করার লক্ষ্যে একত্রিত প্রয়াস হিসেবে অ্যাসোসিয়েশন গঠন করা হয়েছে বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/পিডি/২১৩৭ ঘ.