নাটোর, এপ্রিল ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নাটোরের জেলা প্রশাসক, জেলা হুকুম দখল কর্মকর্তা ও গণপূর্ত প্রকৌশলীর কার্যালয়ের জব্দ করা মালামাল বুধবার ফেরত দেওয়ার আদেশ দিয়েছে আদালত।
বুধবার যুগ্ম জেলা জজ শেখ মো. নাসিরুল হক এই আদেশ দেন।
ভূমি অধিগ্রহণ করা বিষয়ে আদালতের একটি আদেশ অমান্য করায় আদালতের নির্দেশে এসব সরকারি কার্যালয়ের যাবতীয় মালামাল জব্দ করা হয় মঙ্গলবার।
মামলার নথি থেকে জানা যায়, বুধবার জেলা প্রশাসকসহ তিন কর্মকর্তার পক্ষে সরকারি আইনজীবী (জিপি) আসাদুল ইসলাম যুগ্ম জেলা জজ আদালতে হলফনামা দাখিল করেন। হলফনামায় আগামী চার মাসের মধ্যে বাদীর পাওনা টাকা পরিশোধের অঙ্গীকার করা করা হয়।
একই সঙ্গে সরকার পক্ষ মঙ্গলবার জব্দ করা মালামাল ক্রোকের পরোয়ানা ফেরতের আবেদন করেন।
জিপি আসাদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, “নির্ধারিত তহবিলে টাকা পাওয়া গেলে চার মাসের মধ্যেই আমরা পাওনাদারের টাকা পরিশোধ করে দেব।”
শহরের বড়হরিশপুরে পুলিশ লাইন তৈরির জন্য সরকার ১৯৮৫ সালে আব্দুর রাজ্জাক নামে এক ব্যক্তির কাছ থেকে এক দশমিক ৪৬ একর জমি অধিগ্রহণ করে। পরে জমির মালিক অতিরিক্ত মূল্য আদায়ের জন্য আদালতে মামলা করেন।
বাদী অতিরিক্ত মূল্য বাবদ পাঁচ লাখ একচল্লিশ হাজার টাকা দাবি করেন। আদালত ওই টাকা পরিশোধের নির্দেশ দিলেও বিবাদীরা তা করেননি। এরপর বাদী আবারো আদালতে গেলে ওই তিন কার্যালয়ের আসবাবপত্র ক্রোকের নির্দেশ দেওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯৫২ ঘ.
bdnews24