গাইবান্ধা, এপ্রিল ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয়তাবাদী যুবদলের এক নেতার ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে গাইবান্ধা জেলা শহরে বুধবার অর্ধদিবস হরতাল পালিত হয়েছে।
সদর উপজেলার খোলাহাটি ইউনিয়ন শাখার সহ-সভাপতি ইউনুস খান ওরফে দুখুু মিয়ার ওপর হামলার প্রতিবাদে এ হরতাল আহ্বান করে যুবদল সদর উপজেলা শাখা।
সদর থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, সহিংস ঘটনা এড়াতে সকাল থেকেই শহরের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। হরতাল চলাকালে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
গত ২৬ মার্চ জেলা শহর সংলগ্ন ঘাঘট নদী থেকে অবৈধভাবে মাটি ও বালি উত্তোলন নিয়ে জেলা ছাত্রলীগ (জাসদ) এবং জেলা জাতীয়তাবাদী যুবদলের মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে আহত হন যুবদল নেতা ইউনুস।
এ ঘটনায় উভয়পক্ষই থানায় মামলা দায়ের করে। তবে মামলা করার পরও ‘সন্ত্রাসী’দের গ্রেপ্তার না করার প্রতিবাদে হরতাল ডাকে যুবদল।
আহত ইউনুস বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
এদিকে এ ঘটনায় জাসদ নেতা ও খোলাহাটী ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান ইব্রাহিম খলিল উলফাতের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে শহরের ডিবি রোডে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করা হয়।
হরতালে শহরে রিকশা ও ভ্যান চলাচল অন্য দিনের তুলনায় কম থাকলেও, দুরপাল্লার বাস চলাচল স্বাভাবিক ছিল। শহরের প্রায় সব দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ছিল।
দু’তিন দফায় বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা হরতালের সমর্থনে শহরে মিছিল করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/আরএ/১৭৪৮ ঘ.
bdnews24