২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সীমান্তে গুলিতে যুবক নিহত

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে গুলিতে এক যুবক নিহত হয়েছে, যে জন্য ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনীকে দায়ী করেছে স্থানীয়রা। তবে বিএসএফ এই অভিযোগ অস্বীকার করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2012, 10:15 AM

Updated : 24 Aug 2022, 11:06 AM

চাঁপাইনবাবগঞ্জ, এপ্রিল ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে গুলিতে এক যুবক নিহত হয়েছে, যে জন্য ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনীকে দায়ী করেছে স্থানীয়রা। তবে বিএসএফ এই অভিযোগ অস্বীকার করেছে। শিবগঞ্জ উপজেলার শিংনগর সীমান্তে বুধবার ভোরে নিহত রুহুল আমিন (২৫) গরু ব্যবসায়ী বলে স্থানীয়রা জানিয়েছে। রুহুলের বাড়ি ওই উপজেলার তারাপুর গ্রামে। তার বাবার নাম সেরাজুল ইসলাম। স্থানীয়রা জানায়, ভোর সাড়ে ৪টার দিকে কয়েকজন বাংলাদেশি গরু আনতে শিংনগর সীমান্ত দিয়ে ভারতে ঢোকার সময় দৌলতপুর ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। এতে রুহুল গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যান। রুহুলের সঙ্গীরা লাশটি বাড়িতে নিয়ে আসে। খবর পেয়ে পুলিশ রুহুলের বাড়িতে যায়। ময়নাতদন্তের জন্য লাশ চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে শিবগঞ্জ থানার ওসি আব্দুস সালাম সাংবাদিকদের জানিয়েছেন। রুহুলের শরীরের উপরাংশে প্রায় ৩০ থেকে ৩৫টি ছররা গুলির চিহ্ন রয়েছে। গুলিতে রুহুলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেলেও বিএসএফই গুলি ছুড়েছে কি না, তা নিয়ে নিঃসন্দেহ নয় বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি। ৩৯ বর্ডারগার্ড ব্যাটালিয়নের উপঅধিনায়ক মেজর মিজানুর রহমান সাংবাদিকদের জানান, এই ঘটনার পর দুপুরে শিংনগর সীমান্তে প্রায় আধা ঘণ্টা বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক হয়। বৈঠকে বিএসএফ রুহুলকে হত্যার বিষয়টি অস্বীকার করেছে। “তারা বলেছে, ভারতের অভ্যন্তরে যদি কোনো দুষ্কৃতকারী রুহুলকে হত্যা করে থাকে, তবে তারা তাদের খুঁজে বের করবে,” বলেন তিনি। সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহতের বহু ঘটনা রয়েছে, যা নিয়ে ব্যাপক সমালোচনা রয়েছে। সমালোচনার মুখে সীমান্তে অস্ত্র ব্যবহার কমানোর আশ্বাস ভারতের পক্ষে থেকে বারবার দেওয়া হলেও তারপরও হত্যাকাণ্ড ঘটেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৬১৫ ঘ.