২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১০ ট্রাক অস্ত্র মামলায় সাদিককে ফের জেরা

১০ ট্রাক অস্ত্র আটকের মামলায় সাক্ষী ডিজিএফআইয়ের সাবেক প্রধান সাদিক হাসান রুমিকে দ্বিতীয় দিনের মতো জেরা করছেন আসামি ওই গোয়েন্দা সংস্থার তৎকালীন পরিচালক রেজ্জাকুল হায়দার চৌধুরীর আইনজীবীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2012, 06:36 AM

Updated : 24 Aug 2022, 11:06 AM

চট্টগ্রাম, এপ্রিল ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ১০ ট্রাক অস্ত্র আটকের মামলায় সাক্ষী ডিজিএফআইয়ের সাবেক প্রধান সাদিক হাসান রুমিকে দ্বিতীয় দিনের মতো জেরা করছেন আসামি ওই গোয়েন্দা সংস্থার তৎকালীন পরিচালক রেজ্জাকুল হায়দার চৌধুরীর আইনজীবীরা। চট্টগ্রাম মহানগর দায়রা জজ ও সিনিয়র স্পেশাল ট্রাইব্যুনাল-১ এর বিচারক এস এম মজিবুর রহমানের আদালতে আসামি পক্ষের আইনজীবীরা বুধবার সকাল থেকে আবার জেরা শুরু করেন। আসামি পক্ষের দুই আইনজীবী মঙ্গলবারও সাদিককে জেরা করেছিলেন। মঙ্গলবার দেওয়া সাক্ষ্যে সাদিক বলেছিলেন, ২০০৪ সালের ১ এপ্রিল গভীর রাতে সিইউএফএল জেটি ঘাটে আটক ১০ ট্রাক অস্ত্রের চালানের সঙ্গে রেজ্জাকুল জড়িত থাকতে পারেন বলে ডিজিএফআইয়ের তৎকালীন ফিল্ড স্টাফরা জানিয়েছিলেন। আসামি পক্ষের আইনজীবীরা দাবি করেছেন, উদ্দেশ্যপ্রণোদিত হয়েই এই বক্তব্য দিয়েছেন সাদিক। তারা বলেন, প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার প্রধান থাকাকালে কুর্মিটোলা গলফ ক্লাব নিয়ে তৎকালীন সেনাপ্রধান হাসান মশহুদ চৌধুরী ও মইন উ আহমেদের দুর্নীতি সংক্রান্ত একটি প্রতিবেদন দিয়েছিলেন রেজ্জাকুল হায়দার। মইন উ আহমেদ বন্ধু হওয়ায় সাদিক এতে ক্ষুব্ধ হয়ে রেজ্জাকুলকে জড়িয়ে বক্তব্য দিয়েছেন বলে দাবি তাদের। গত ১৫ মার্চ একই আদালতে দেওয়া সাক্ষ্যে সাদিক বলেছিলেন, “তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের চাপেই রেজ্জাকুলকে এই সংক্রান্ত সরকারি তদন্ত কমিটিতে মনোনীত করা হয়।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এসইউ/১২৩১ ঘ.