নেত্রকোনা, এপ্রিল ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারী নির্যাতনের অভিযোগে কেন্দুয়া থানার ওসিসহ দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা হয়েছে।
ওই দুই কর্মকর্তা হলেন- কেন্দুয়া থানার ওসি মো. মোশারফ হোসেন ও উপ- পরিদর্শক মো. হাসান আলী।
বাদী পক্ষের আইনজীবী মনোরঞ্জন সরকার জানান, মঙ্গলবার দুপুরে উপজেলার মোজাফরপুর গ্রামের মল্লিক মিয়ার স্ত্রী মোছাম্মত আঙ্গুরা আক্তার শারীরিক নির্যাতন ও শ্লীলতাহানির অভিযোগে নেত্রকোণার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালত-৩ এ মামলাটি করেন।
পরে বিচারক মো. আমিনুল হক মামলা গ্রহণ করে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেন।
মামলার বিবরণীতে বলা হয়, গত রোববার এপ্রিল নেত্রকোণার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালত-৩ এ আঙ্গুরা আক্তারের ভাই শহিদুল ইসলাম কেন্দুয়া থানার ওই দুই কর্মকর্তার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে একটি মামলা করেন। এতে ক্ষুব্ধ হয়ে পরদিন বাড়িতে গিয়ে আঙ্গুরা আক্তারকে লাঠিপেটা ও শারিরীক নির্যাতন করেন ওই দুই কর্মকর্তা।
একই সময় শহিদুলকে ক্রসফায়ারে দেওয়ার হুমকিও দেন তারা।
২০১১ সালের ২৭ জানুয়ারি দুর্বৃত্তদের হাতে নিহত হন মল্লিক মিয়ার ছোট ভাই আব্দুল খালেক। ওই ঘটনার পর মল্লিক ৩৯ জনকে আসামি করে একটি মামলা করেন।
আইনজীবী মনোরঞ্জন সরকার জানান, অভিযুক্ত ওসি ও এসআই ঘুষ না পেয়ে ওই মামলার অভিযোগপত্র থেকে ২৫ আসামিকে বাদ দিয়ে দেন। পরে বাদী নারাজি দিলে মল্লিক মিয়াকে থানায় ধরে নিয়ে যাওয়া হয়।
মিথ্যা মামলা দিয়ে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
এ ব্যাপারে কেন্দুয়া থানার ওসি মো. মোশারফ হোসেন বলেন, “আঙ্গুরা আক্তার নামের এই নারীকে আমি চিনি না। বিষয়টি একটি চক্রের কাজ।”
এসআই হাসান আলীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/এএল/২২২০৪ ঘ.
bdnews24