২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালাফ হত্যা তদন্তে ‘ব্যর্থ’ নই: সাহারা

সৌদি দূতাবাস কর্মকর্তা খালাফ আল আলী হত্যাকাণ্ড তদন্তে সেদেশ থেকে প্রতিনিধি দল আসা মানে দেশের পুলিশের তদন্ত ‘ব্যর্থ’ বলে মনে করেন না স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2012, 03:24 PM

Updated : 24 Aug 2022, 11:06 AM

ঢাকা, এপ্রিল ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সৌদি দূতাবাস কর্মকর্তা খালাফ আল আলী হত্যাকাণ্ড তদন্তে সেদেশ থেকে প্রতিনিধি দল আসা মানে দেশের পুলিশের তদন্ত ‘ব্যর্থ’ বলে মনে করেন না স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। মঙ্গলবার রাজধানীতে নতুন ওয়ারী থানা উদ্বোধনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, “দূতাবাস কর্মকর্তার হত্যাকাণ্ড তদন্তে আমরা ব্যর্থ নই। ব্যর্থতার ওই রকম কিছু দেখি না।” দূতাবাস কর্মকর্তা খালাফের হত্যাকাণ্ড তদন্তে সৌদি আরবের পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আট সদস্যের একটি দল সকালে ঢাকা পৌঁছায়। গত ৫ মার্চ রাতে সৌদি দূতাবাস কর্মকর্তা খালাফ (৪৫) গুলশানে গুলিবিদ্ধ হন, পরদিন ভোরে হাসপাতালে তার মৃত্যু হয়। এখন পর্যন্ত হত্যাকাণ্ডের কারণ উদঘাটন কিংবা এতে জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। খালাফ হত্যা তদন্তে এখন পর্যন্ত আন্তর্জাতিক কোনো সহায়তা ঢাকার পক্ষ থেকে চাওয়া হয়নি। তবে সৌদি আরব তদন্তে তাদের আগ্রহ বাংলাদেশকে জানায়। তাতে সম্মত হয় বাংলাদেশও। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এমএইচসি/আরএ/২১২২ ঘ.