২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় র‌্যাব পরিচয়ে ছিনতাই

খুলনা নগরীতে র‌্যাব পরিচয়ে দেড় লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2012, 03:13 PM

Updated : 24 Aug 2022, 11:06 AM

খুলনা, এপ্রিল ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খুলনা নগরীতে র‌্যাব পরিচয়ে দেড় লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। দৌলতপুর পূবালী ব্যাংকের কাছে মঙ্গলবার বেলা ১২টায় মেট্রোপলিটন কৃষি অফিসের দুই কর্মচারীর কাছ থেকে দেড় লাখ টাকা ছিনতাই হয়। মেট্রোপলিটন কৃষি কর্মকর্তা বাদল চন্দ্র বিশ্বাস জানান, পূবালী ব্যাংক দৌলতপুর শাখা থেকে তাদের দুই কর্মচারী নাজিম ও আবদুস সালাম কর্মচারীদের এপ্রিল মাসের বেতন বাবদ দেড়লাখ টাকা তুলে একটি ভ্যানে অফিসে যাচ্ছিলেন। ভ্যানটি ব্যাংকের কাছে পৌঁছলে একটি মাইক্রোবাসে আসা পাঁচজন লোক র‌্যাব পরিচয় দিয়ে ভ্যানের গতিরোধ করে। এ সময় তারা ওই টাকার মধ্যে জাল টাকা রয়েছে দাবি করে দুই কর্মচারীকে তাদের সঙ্গে র‌্যাব কার্যালয়ে যেতে বলে। এরপর তাদের চোখ বেঁধে মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। কিছুদূর যাওয়ার পর টাকাগুলো নিয়ে তাদের গাড়ি থেকে নামিয়ে দেয়। ওই দুই কর্মচারীর বরাত দিয়ে কৃষি কর্মকর্তা আরো জানান, ছিনতাইকারী পাঁচজনের গায়ে র‌্যাব লেখা জ্যাকেট ছিল। দৌলতপুর থানার ওসি হাবিবুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনাস্থল পরিদর্শনের পর ছিনতাইয়ের কবলে পড়া দুই কর্মচারীকে থানায় রেখে জিজ্ঞসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় কৃষি কর্মকর্তা বাদল চন্দ্র বিশ্বাস বিকালে দৌলতপুর থানায় মামলা করেছেন। তবে কাউকে গ্রেফপ্তর করা যায়নি। এদিকে একাধিকবার চেষ্টা করেও র‌্যাব-৬ খুলনা অফিসের লে. কমান্ডার নুর-ই-আলমকে পাওয়া যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/ডিডি/২১০৭ ঘ.