ঢাকা, এপ্রিল ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পররাষ্ট্র সচিব মোহাম্মদ মিজারুল কায়েসের সঙ্গে প্রথম বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের সার্বিক দিক নিয়ে আলোচনা করেছেন ঢাকায় ভারতের নতুন হাইকমিশনার পঙ্কজ সরণ।
মঙ্গলবার বিকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়ে সচিবের সঙ্গে বৈঠক করেন পঙ্কজ। গুরুতর অসুস্থ মিজারুল কায়েস সিঙ্গাপুর থেকে ফিরে গত সপ্তাহেই কাজে যোগ দেন।
পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠকের পর পঙ্কজ সাংবাদিকদের বলেন, দ্বিপক্ষীয় সার্বিক বিষয় নিয়ে তিনি আলোচনা করেছেন।
১৯৭৪ সালে মুজিব-ইন্দিরা সাক্ষরিত ‘স্থল সীমান্ত চুক্তি’টি ভারতের লোকসভার চলতি অধিবেশনে অনুমোদিত হবে কি না- জানতে চাইলে এ বিষয়ে কিছু বলতে অপারগতা জানান হাইকমিশনার।
চুক্তি সাক্ষরের বছরেই বাংলাদেশ সংসদে তা অনুমোদন করে। তবে ভারতের পার্লামেন্টে তা অনুমোদিত হয়নি।
দুই দেশ অনুমোদন না করা পর্যন্ত বহুল প্রত্যাশিত এ চুক্তির বাস্তবায়ন সম্ভব হবে না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/আরআরডি/এমআই/২০৪৬ ঘ.
bdnews24