২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিক্ষকদের আলাদা বেতন কাঠামোর আশ্বাস প্রধানমন্ত্রীর

শিক্ষকদের যথার্থ সম্মান নিশ্চিত করতে আলাদা বেতন কাঠামো গঠনের বিষয়টি বিবেচনার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2012, 01:26 PM

Updated : 24 Aug 2022, 11:06 AM

ঢাকা, এপ্রিল ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শিক্ষকদের যথার্থ সম্মান নিশ্চিত করতে আলাদা বেতন কাঠামো গঠনের বিষয়টি বিবেচনার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার শিক্ষকদের একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গেলে তিনি এই আশ্বাস দেন বলে প্রধানমন্ত্রীর প্রেসসচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের জানান। শেখ হাসিনা বলেন, “শিক্ষকদের জন্য আলাদা কর্ম-কমিশন ও বেতন কাঠামোর বিষয়ে চিন্তাভাবনা করা হচ্ছে।” বিসিএস সাধারণ শিক্ষা সমিতির প্রতিনিধি দল মঙ্গলবার দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যায়। আবুল কালাম আজাদ বলেন, প্রধানমন্ত্রী শিক্ষকদের ঢাকামুখী হওয়ার মানসিকতা পরিবর্তনের আহবান জানিয়েছেন। সাধারণ মানুষের করের টাকায় শিক্ষকসহ সব সরকারি কর্মকর্তা-কর্মচারীর বেতন হওয়ার বিষয়টি স্মরণ করিয়ে দিয়ে সবাইকে নিজ নিজ দায়িত্ব আন্তরিকতার সঙ্গে পালনের আহ্বান জানান প্রধানমন্ত্রী। “প্রত্যেক পেশার নিজস্ব বৈশিষ্ট্য আছে। এক পেশার সঙ্গে অন্য পেশার তুলনা করা ঠিক নয়,” শিক্ষকদের উদ্দেশে বলেন তিনি। শিক্ষাকে গুরুত্ব দিয়ে সরকার এই খাতে সর্বোচ্চ বরাদ্দ দিচ্ছে বলে জানান প্রধানমন্ত্রী। শিক্ষক প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের আগে ভারতের বোর্ড ফর রিকন্সট্রাকশান অফ পাবলিক সেন্টার এন্টারপ্রাইজের চেয়ারম্যান নীতিশ সেনপ্তপ্তের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী প্রতিবেশী সব রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার বিষয়টি প্রধানমন্ত্রী বৈঠকে তুলে ধরেন বলে আবুল কালাম আজাদ জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/১৯১৫ ঘ.