২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিমান বাঁচাও আন্দোলনে যেন ক্ষতি না হয়: মন্ত্রী

চেয়ারম্যানের পদত্যাগ ও পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ার দাবিতে কর্মীদের আন্দোলনের প্রেক্ষিতে তাদের এভাবেই সতর্ক করেছেন মন্ত্রী ফারুক খান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2012, 09:42 AM

Updated : 24 Aug 2022, 11:06 AM

ঢাকা, এপ্রিল ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চেয়ারম্যানের পদত্যাগ ও পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ার দাবিতে কর্মীদের আন্দোলনে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যাতে কোনো ক্ষতি না হয়- সে বিষয়ে সতর্ক থাকতে অনুরোধ করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী ফারুক খান। মঙ্গলবার সচিবালয়ে ভারতীয় হাইকমিশনার পঙ্কজ শরণের সঙ্গে এক বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, “বিমান বাঁচাও আন্দোলনের নামে বিমানের যাতে ক্ষতি না হয় সে বিষয়ে সজাগ থাকা দরকার।” বিমান চেয়ারম্যান জামালউদ্দিন আহমেদের পদত্যাগ এবং পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ার দাবিতে আন্দোলনরত কর্মীরা মঙ্গলবার বলাকা কার্যালয়ে অবস্থান ধর্মঘট করে ১৬ এপ্রিল থেকে ৪৮ ঘণ্টার ধর্মঘটের ঘোষণা দেয়। এসব দাবিতে বিমানের বৈমানিক, কেবিন ক্রু, কর্মকর্তা-কর্মচারীরা ‘বিমান বাঁচাও ঐক্য পরিষদ’ ব্যানারে গত ৫ মার্চ থেকে আন্দোলন করে আসছেন। তাদের অভিযোগ, বিমানের বর্তমান পরিচালনা পর্ষদ ‘দুর্নীতিগ্রস্ত ও অদক্ষ। ক্ষতির হাত থেকে বাঁচাতে বিমানের ব্যবস্থাপনা যে উন্নত করা প্রয়োজন- সাংবাদিকদের কাছে তা স্বীকার করেন মন্ত্রী ফারুক খানও। তবে তিনি এও বলেন, বিমান পাবলিক লিমিটেড কোম্পানি হওয়ায় যে কোনো বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব পরিচালনা পর্যদেরই। ভারতীয় হাই কমিশনারের সঙ্গে বৈঠক প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশি ব্যবসায়ী ও পর্যটকদের ভারতের ভিসা পেতে ভোগান্তির বিষয়টি হাইকমিশনারকে অবহিত করা হয়েছে। এ বিষয়ে পঙ্কজ শরণ সাংবাদিকদের বলেন, “বর্তমানে প্রতিদিন আড়াই হাজার বাংলাদেশিকে ভারতের ভিসা দেওয়া হয়। ভিসাপ্রাপ্তি সহজ করতে আমরা ব্যবস্থা নেব।” মন্ত্রী জানান, বাংলাদেশের পর্যটন খাতের বিভিন্ন বিষয় তুলে ধরতে আগামী ২৮ ও ২৯ এপ্রিল ভারতের ত্রিপুরায় রোড শো করা হবে। এছাড়া শিগগিরই ঢাকার সঙ্গে ভারতের গোহাটির বিমান যোগাযোগ চালু করা হবে। বাংলাদেশের পর্যটন খাতকে আরো আকর্ষণীয় করে গড়ে তুলতে আগামী তিন বছরের মধ্যে কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হবে বলে উল্লেখ করেন তিনি। ফারুক খান বলেন, “পর্যটকদের ব্যবহারের জন্য ভ্রাম্যমাণ বাড়ি (মোবাইল হোম) এবং ভালো মানের জাহাজ আমদানিতে কর কমানোর জন্যও অর্থমন্ত্রীকে অনুরোধ করা হয়েছে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/আরএ/জেকে/১৫৩৪ ঘ.