ঢাকা, এপ্রিল ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অষ্টম ওয়েজ বোর্ড গঠনের দাবিতে আগামী ২২ এপ্রিল সারা দেশের প্রেসক্লাবে অনশন করবে সাংবাদিক-কর্মচারীরা।
মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান ধর্মঘট থেকে ছয় ঘণ্টা এই অনশন কর্মসূচির ঘোষণা দিয়েছে সাংবাদিক-শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদ।
বেলা ১২টা থেকে দুপুর তিনটা পর্যন্ত জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান ধর্মঘট চলে। এ সময় বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশের সভাপতি ইকবাল সোবহান চৌধুরী ২২ এপ্রিলের কর্মসূচি ঘোষণা করেন। ওইদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দেশের সব প্রেসক্লাবে সাংবাদিকরা অনশন করবেন।
প্রেসক্লাবের সামনে অবস্থান ধর্মঘট ছাড়াও সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সারাদেশে সাংবাদিকরা কলম বিরতি পালন করেন।
এর আগে ২ এপ্রিলের মধ্যে অষ্টম ওয়েজ বোর্ড গঠনের সময় বেঁধে দিয়েছিল সাংবাদিক-শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদ। এ দাবি না মানায় এই অবস্থান ধর্মঘট ও কর্মবিরতি পালন করা হয়।
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে), ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে), বাংলাদেশ সংবাদপত্র প্রেস শ্রমিক ফেডারেশন এবং সংবাদপত্র কর্মচারী ফেডারেশনের নেতারা সমাবেশে বক্তৃতা রাখেন।
ইকবাল সোবহান চৌধুরী বলেন, “এই তথ্যমন্ত্রীর কারণেই অষ্টম ওয়েজ বোর্ড গঠনে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে।”
তথ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করে ইত্তেফাক সাংবাদিক-শ্রমিক ইউনিয়নের সভাপতি গোলাম সরওয়ার বলেন, “তথ্যমন্ত্রী আমাদের সঙ্গে অনেক চক্রান্ত করেছেন। তার সাথে কিছু কুচক্রিও জুটেছে।”
অষ্টম ওয়েব বোর্ড গঠন নিয়ে তথ্যমন্ত্রী গড়িমসি করছেন অভিযোগ করে সাংবাদিক নেতারা বলেন, “আবুল কালাম আজাদকে কেবিনেট থেকে বের করে দেওয়া হোক।”
তথ্যমন্ত্রী ছাড়াও ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার মালিকপক্ষের সমালোচনাও করেন কয়েকজন সাংবাদিক নেতা।
ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওমর ফারুক বলেন, “তারা ট্যাক্স ফাঁকি দেন। এনবিআর এর কাছে এর হিসাব আছে। অথচ সাংবাদিকদের বেতনভাতা নিয়ে গড়িমসি করেন।”
ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই অষ্টম ওয়েজ বোর্ড গঠন করা হবে- তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদের এমন বক্তব্যের পর এখন পর্যন্ত তা গঠিত হয়নি।
স¤প্রতি বিষয়টি নিয়ে আন্দোলনের ঘোষণা দেয় সাংবাদিক-শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদ।
২০০৮ সালের ২৬ ফেব্রুয়ারি সপ্তম সংবাদপত্র ওয়েজ বোর্ড গঠন করেছিল সরকার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএসটি/এসইউ/১৬৫৮ ঘ.
bdnews24