চট্টগ্রাম, এপ্রিল ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাটল ট্রেন হামলা ও চালককে তুলে নিয়ে যাওয়ার ঘটনায় নিরাপত্তা নিয়ে আশঙ্কায় ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে।
এ কারণে মঙ্গলবারও নগরী থেকে কোনো ট্রেন বিশ্ববিদ্যালয়ে চলেনি বলে চট্টগ্রাম রেলওয়ে লোকো পরিদর্শক নজরুল ইসলাম জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, সোমবার সকালে শাটল ট্রেনের চালককে শিবিরকর্মীরা তুলে নিয়ে ছয় ঘন্টা পর ছেড়ে দেয়। তবে তাদের নিরাপত্তা নিয়ে আশঙ্কা দেখা দেয়ায় শাটল ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে।
চালকদের নিরাপত্তা নিশ্চিত না পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে ট্রেন চলাচল না করতে বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও কর্মচারী সমিতি এবং বাংলাদেশ রেলওয়ে সংগ্রাম পরিষদ এই সিদ্ধান্ত নিয়েছে বলে তিনি জানান।
বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী জানান, বিশ্ববিদ্যালয়ের সেবার দায়িত্বে নিয়োজিত ট্রেন চালক। তাকে তুলে নিয়ে যাওয়াটা অবশ্যই জীবনের জন্য ঝুঁকিপূর্ণ।
“চালকদের জীবনের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত শাটল ট্রেন চলাচল করবে না।”
সোমবার সকাল পোনে ৮ টার নগরীর ঝাউতলা রেলস্টেশনে শিবিরকর্মীরা শাটল ট্রেনের চালক গোপাল চন্দ্র দাশকে তুলে নিয়ে যায়। তাকে ছয় ঘন্টা আটক রেখে ধর্মঘটের মধ্যে চালকে শাটল ট্রেন চালাতে নিষেধ করে বিভিন্ন হুমকি দেয় শিবিরকর্মীরা।
গত ৮ ফেব্রুয়ারি ছাত্রলীগ-ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষে দুই শিক্ষার্থী নিহত হওয়ার পর ৩৮ দিন বন্ধ রাখার পর গত ১৮ মার্চ বিশ্ববিদ্যালয় খুলে দেয় চবি প্রশাসন। খোলার প্রথম দিন থেকেই হত্যাকারীদের গ্রেপ্তারসহ চার দফা দাবিতে ইসলামি ছাত্রশিবির ক্যাম্পাসে ধর্মঘট পালন করছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসইউ/১৩২৪ ঘ.
bdnews24