যশোর, এপ্রিল ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যশোরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বোমাবাজিতে এক যুবক নিহত হয়েছে।
নিহত সাইফুল ইসলাম মুরাদ (২৮) একটি হত্যামামলার আসামি বলে পুলিশ জানিয়েছে। তার বাড়ি সদর উপজেলার কৃষ্ণকাঠি গ্রামে।
পুলিশ জানিয়েছে, সোমবার রাত ৮টার দিকে জেলা শহরের পুলের হাট এলাকায় দুই দল সন্ত্রাসীর সংঘর্ষে মুরাদ নিহত হয়। আহত হয় কয়েক জন।
স্থানীয়রা জানায়, সংঘর্ষের সময় গুচ্ছগ্রামের কয়েকটি বাড়িতে আগুন ধরানো হয়।
কোতোয়ালি মডেল থানার ওসি আশরাফ হোসেন সাংবাদিকদের জানান, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিবাদরত মুরাদ এবং হেমায়েত গ্রুপের মধ্যে পুলেরহাট পেট্রোল পাম্প এলাকায় সংঘর্ষ বাধে। উভয় পক্ষ বোমার বিস্ফোরণ ঘটায়। একটি বোমা মুরাদের বুকে লেগে বিস্ফোরিত হলে সে মারাত্মকভাবে আহত হয়।
মুরাদকে যশোর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা. কাজল মল্লিক জানান, মুরাদ মারা গেছেন।
বোমা হামলায় লিপি বেগম নামে এক পথচারীসহ আরো কয়েকজন আহত হন বলে স্থানীয়রা জানায়।
সংঘর্ষের পর ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। কোতোয়ালি মডেল থানার ওসি আশরাফ হোসেন জানান, অপরাধীদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/২২৪৭ ঘ.
bdnews24