বরিশাল, এপ্রিল ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঘুষ না দেওয়ায় এজলাসে দেওয়া আদেশ পরিবর্তনের অভিযোগ উঠেছে বরিশালের এক হাকিমের বিরুদ্ধে।
সোমবার জ্যেষ্ঠ বিচারিক হাকিম মৃত্যুঞ্জয় মিস্ত্রির বিরুদ্ধে এক আইনজীবী এই অভিযোগ তোলার পর মুখ্য হাকিম মো. মাসুদুর রহমান বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।
অভিযোগকারী আইনজীবী কাজী এনায়েত হোসেন দাবি করেছেন, তার মক্কেলকে এজলাসে বসে জামিন দেওয়ার পর ঘুষ চেয়ে তা না পাওয়ায় আদেশ পরিবর্তন করেন হাকিম মৃত্যুঞ্জয়।
বরিশাল মহানগরীর বিমানবন্দর থানার এক মামলার হাজতি আসামি (জি.আর ৭৫/১২) সজল হাওলাদারের জামিন শুনানির ধার্য দিন ছিল সোমবার। এনায়েত আসামি সজলের আইনজীবী।
মুখ্য বিচারিক হাকিমকে দেওয়া লিখিত আবেদনে এনায়েত বলেন, হাকিম মৃত্যুঞ্জয় মিস্ত্রি উভয় পক্ষের শুনানি শেষে ১০ হাজার টাকা মুচলেকায় আসামিকে জামিন দেন।
তবে এজলাসে আদেশ দেওয়ার পর হাকিম অনৈতিক সুবিধা দাবি করেন বলে এনায়েত দাবি করেন।
তিনি বলেন, “কিন্তু এই সুবিধা না দেওয়ায় বেলবন্ড ও জামানতনামা নিয়ে সংশ্লিষ্ট আদালতের জিআরও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শম্ভুর কাছে গেলে তিনি জানান, ‘আদেশ পরিবর্তন হবে’।”
ঘটনাটি সঙ্গে সঙ্গে বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি, সাধারণ সম্পাদকসহ কার্যনিবাহী কমিটির সদস্যদের জানান এনায়েত।
তাদের পরামর্শ অনুযায়ী মুখ্য হাকিমের কাছে আবেদন করা হয়। মুখ্য হাকিম বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন বলে আইনজীবী এনায়েত সাংবাদিকদের জানান।
মৃত্যুঞ্জয়কে প্রত্যাহার করাসহ তার চাকরিচ্যুতির জন্য আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ে সুপারিশ করতে মুখ্য হাকিমের কাছে আবেদন করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/এমআই/২২৩৬ ঘ.
bdnews24