ঢাকা, এপ্রিল ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এইচ এম এরশাদ বলেছেন, নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধির কারণে তার বাসার কাজের লোক বাজারে যেতে চায় না।
সোমবার এক আলোচনা সভায় ভোজ্য তেলের দামের প্রসঙ্গ টেনে এ কথা বলেন তিনি।
ক্ষমতাসীন মহাজোটের শরিক দলের এ নেতা বলেন, “ভোজ্য তেলের লিটার ১৩৫ টাকা হয়েছে, আমার বাসার কাজের লোক আর বাজারে যেতে চায় না। তাহলে দেশের জনগণের কী অবস্থা তা অনুমান করা যায়।”
বিদ্যুৎ সংকট প্রসঙ্গে তিনি বলেন, “দুর্বিসহ লোড-শেডিং চলছে। এতো বিদ্যুৎ উৎপাদন হচ্ছে অথচ কৃষকরা সেচ পাম্প চালাতে পারছে না, তাহলে বিদ্যুৎ যাচ্ছে কোথায়?”
রাজধানীর কাকরাইলে ইনিস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে জাতীয় পার্টির সহযোগী সংগঠন জাতীয় যুব সংহতির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় বক্তব্য দিচ্ছিলেন তিনি।
এরশাদ বলেন, “জাতির সামনে কোনো আলো নেই, পানি ও বিদ্যুৎ সংকট, অপহরণ এই হলো দেশের অবস্থা। মানুষ পরিবর্তন চায়। জাতীয় পার্টিই এ পরিবর্তন এনে দিতে পারে।”
আগামী সংসদ নির্বাচনে ৩০০ আসনেই জাতীয় পার্টি প্রার্থী দেবে ফের এমন অঙ্গীকার করে তিনি বলেন, “দেশের মানুষ জাতীয় পার্টিকে আবার ক্ষমতায় চায়, আমরা জনগণের আশা পূরণে করতে পারব।”
১৯৯০ সালে প্রবল গণঅভুত্থ্যানের মুখে ক্ষমতা ছাড়তে বাধ্য হওয়া সামরিক শাসক এরশাদ জাতীয় পার্টির চেয়ারম্যান।
১৯৮১ সালের ৩০ মে রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হওয়ার পর রাষ্ট্রপতি হন বিচারপতি আব্দুস সাত্তার। এরপর নানা ঘটনা প্রবাহে পরের বছরের ২৪ মার্চ সাত্তারকে সরিয়ে রাষ্ট্রপতি হন ওই সময়ের সেনাপ্রধান এরশাদ। ১৯৮৬ সালে তিনি জাতীয় পার্টি গঠন করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/পিডি/১৯৫২ ঘ.
bdnews24