ঢাকা, এপ্রিল ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অটিস্টিক ও প্রতিবন্ধীদের অধিকার সম্পর্কে সরকারি কর্মকর্তাদের আরও সচেতন হতে আহ্বান জানিয়েছেন অটিজম বিষয়ক জাতীয় উপদেষ্টা কমিটির চেয়ারম্যান সায়মা হোসেন।
পঞ্চম বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে এক বার্তায় তিনি বলেছেন, “আমাদের সরকারি কর্মকর্তাদের অনেক বেশি সচেতন হতে হবে। তাদের দক্ষতা এমনভাবে বৃদ্ধি করতে হবে যাতে প্রাইমারি থেকে টারসিয়ারি লেভেল পর্যন্ত সবাইকে সমন্বিতভাবে সেবা দেওয়া যায়।”
দিবস উপলক্ষে সোমবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তার এ বার্তা পড়ে শোনানো হয়। সায়মার বক্তব্য পড়েন সমাজকল্যাণ বিভাগের মহাপরিচালক নাসিমা বেগম।
অনুষ্ঠানে উপস্থিত থাকতে না পারায় দুঃখ প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা।
অটিজমকে ক্রমবর্ধমান একটি স্বাস্থ্য সমস্যা উল্লেখ করে বার্তায় তিনি বলেন, “সেন্টার ফর ডিজিজ কন্ট্রোলসের তথ্য অনুসারে আমেরিকাতে প্রতি ৮৮ জন শিশুর মধ্যে একজন শিশু অটিজমে আক্রান্ত। যা সম্মিলিতভাবে ডায়াবেটিস, এইডস, ক্যান্সার, সেরিব্রাল পলসি, সিস্টিক ফাইব্রোসিস ও ডাউন সিনড্রোমে আক্রান্ত শিশুদের তুলনায় অনেক বেশি।”
অটিজম আক্রান্ত শিশুদের পারিবারিক এবং সমাজজীবনে সমভাবে অংশগ্রহণের সুযোগ করে দেওয়ার আহ্বান জানিয়ে সায়মা বলেন, “পরিবার, বাড়ি এবং স্কুলে উপযুক্ত পরিবেশ তৈরি করতে হবে। স্বাস্থ্য, শিক্ষা ও সমাজসেবার খাতগুলোতে পেশাজীবী ও পরিবারের পারস্পরিক সহযোগিতার মাধ্যমে এ বিষয়ে আমাদের কাজ করতে হবে।”
শৈশবের কোনো পর্যায়ে বুদ্ধিমত্তার স্বাভাবিক বিকাশ বাধাগ্রস্ত হলে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় তাকে বলা হয় অটিজম। এ ধরনের শিশুদের মস্তিষ্কের গঠন হয় অন্যদের চেয়ে আলাদা। ফলে তারা অন্যদের মতো করে নিজের যতœ নিতে বা নিজেকে প্রকাশ করতে পারে না।
যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ‘অটিজম স্পিকসের’ সঙ্গে যুক্ত সায়মা গত বছরের জুলাইয়ে ঢাকায় দক্ষিণ এশিয়ার প্রথম অটিজম সম্মেলনের আয়োজন করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআইএইচ/এসইউ/১৮৪৮ ঘ.
bdnews24