ঢাকা, এপ্রিল ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানী মিরপুরে র্যাবের কথিত ‘বন্দুকযুদ্ধে’ এক যুবক নিহত হয়েছে।
কাফরুল থানার ওসি আব্দুল লতিফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার রাত দেড়টার দিকে মিরপুর ১৩ নম্বরে কৃষি ব্যাংকের পিছনে ‘বন্দুকযুদ্ধের’ এ ঘটনা ঘটে।
নিহতের নাম মোমিন ওরফে ল্যাংড়া মোমিন (৩২)।
ওসি বলেন, “র্যাব-৪ এর একাটি দলের সঙ্গে সন্ত্রাসীদের বন্দুকযুদ্ধে মোমিন আহত হন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক জানান, মোমিনের মৃত্যু হয়েছে।”
ঘটনাস্থল থেকে দুই রাউন্ড গুলিসহ একটি রিভলবার উদ্ধার করা হয়।
মোমিনের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়। তার নামে কাফরুল থানায় হত্যাসহ ৬টি মামলা রয়েছে বলে আব্দুল লতিফ জানান।
তবে নিহতের স্ত্রী জোৎøা আক্তার পলির দাবি, তার স্বামীর নামে কোন মামলা নেই।
ঢাকা মেডিকেল কলেজ মর্গে সাংবাদিকদের তিনি বলেন, “রোববার দুপুর ১টার দিকে কেরানীগঞ্জের পূর্ব চড়াইলে তাদের ভাড়া বাসার সামনে থেকে সাদা পোশাকের কয়েকজন যুবক আমার স্বামীকে ধরে নিয়ে যায়।”
কিছুক্ষণ পর আমি মোমিনের নম্বরে ফোন করলে সে জানায় আমি খুব বিপদে আছি, পরে কথা হবে।”
পলি জানান, আগে তারা মিরপুরের সেনপাড়ায় থাকতেন। স্থানীয় আওয়ামীলীগ নেতা রুবেলের সঙ্গে মোমিনের বিরোধ হওয়ায় তারা সেখান থেকে চলে যান।
তার দাবি, রুবেলই তার স্বামীকে টাকা দিয়ে হত্যা করিয়েছে। মোমিন গার্মেন্ট সামগ্রীর ব্যবসা করতেন বলে জানান পলি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/জেকে/আরএ/১৮০৯ ঘ.
bdnews24