ঢাকা, এপ্রিল ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিমানের পরিচালনা পর্ষদের চেয়ারম্যানকে সংসদীয় বৈঠকে তলব করেছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।
একাধিকবার বৈঠকে উপস্থিত না হওয়ায় ‘অসন্তুষ্ট’ হয়ে জামাল উদ্দিন আহমেদকে তলবের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।
তিনি বলেন, “আমরা বিমান চেয়ারম্যানকে তলবের সিদ্ধান্ত নিয়েছি। আগামী ৫ এপ্রিল বৃহস্পতিবার কমিটির বৈঠকে স্বশরীরে হাজির হওয়ার জন্যে তাকে চিঠি পাঠানো হবে।”
দীর্ঘদিন ধরে বৈঠকগুলোতে বিমান চেয়ারম্যানকে আসার অনুরোধ জানানো হলেও তার পক্ষে ব্যবস্থাপনা পরিচালক হাজিরা দিয়ে আসছিলেন।
কমিটির সভাপতি মোশাররফ বলেন, “এতে অনেক বিষয়ে উত্তর পাওয়া যায় না। এ জন্য কমিটির সদস্য ও সংশ্লিষ্ট মন্ত্রীও অসন্তোষ প্রকাশ করেছে।”
তিনি বলেন, অডিট আপত্তি সত্বেও ওমানে ৩২ বছরের পুরনো বিতর্কিত জিএসএকে নিয়োগ দেওয়া হলো। ওমানে জিএসএ নিয়োগ ও এয়ার আটলান্টার উড়োজাহাজ লিজ নিয়ে এমডির বক্তব্যে সন্তুষ্ট নয় কমিটি।
চেয়ারম্যানের কাছে এসব বিষয়ে জানতে চাওয়া হবে বলে জানান মোশাররফ।
রোববারের বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কমিটির সদস্য বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী ফারুক খান, শফিকুর রহমান চৌধুরী ও ফরিদুল হক খান (দুলাল)।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এএল/২১৪৪ ঘ.
bdnews24