ঢাকা, এপ্রিল ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পরিকল্পিতভাবে হত্যার অভিযোগে রাজধানীর শাহ আলী মডেল থানার ওসি ও পুলিশের আরো তিন সদস্যসহ ১১ জনের বিরুদ্ধে ঢাকার আদালতে মামলা করেছেন নিহতের বাবা।
গত ২৫ মার্চ রাতে মিরপুরে পুলিশের সঙ্গে ‘গুলি বিনিময়ে’ নিহত মাসুদের বাবা মো. দাদন মিয়া ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে এ মামলা করেন রোববার।
বাদির জবানবন্দি নিয়ে মহানগর হাকিম মো. মনিরুজ্জামান মামলার আগামি ১০ মে তারিখের মধ্যে বিষয়টির বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেন।
মামলায় যাদের আসামি করা হযেছে তারা হলেন- ওসি মো. অনিসুর রহমান, এস আই (উপ-পরিদর্শক) মো. জাহিদ, এ এস আই (সহকারী উপ-পরিদর্শক) মশিউর রহমান, মোয়াজ্জেম হোসেন, ঝুট ব্যবসায়ী মো. নান্টু (৩৫), আইয়ূব আলী (৫৩), কুদ্দুস, সেন্টু, বুলু ওরফে রিপন (৩৫), শামীম (২৫) ও সকির (৪০)। এদের সবার ঠিকানা দেওয়া হয়েছে মিরপুরের বড়বাগ।
মামলার অভিযোগে বলা হয়, গত ২৫ মার্চ সন্ধ্যা সাড়ে ৭টায় বাদির ছেলে মাসুদকে আসামি পুলিশ সদস্যরা সাদা পোশাকে চিড়িয়াখানা সড়কের রাইনখোলা মোড়ে মাসুদকে হাঁটতে এবং দৌড়াতে বলে পেছন থেকে গুলি করে।
গুলিবিদ্ধ মাসুদের আর্তচিৎকারে কয়েকজন পথচারী বিষয়টি দেখে ফেলে উল্লেখ করে মামলায় বলা হয়, “পুলিশের কাছে পথচারীরা তাকে হাসপাতালে নেওয়ার অনুরোধ করলেও তারা কান দেয়নি।”
“ঘটনার অনেক পরে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পুলিশের গাড়িতে করে নেওয়া হয়। চিকিৎসাাধীন অবস্থায় মাসুদ মারা যায়।”
“পুলিশ এ বিষয়ে একটি নাটক তৈরি করে। গুলি বিনিময়ে আহত দুই পুলিশ সদস্য রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে চিকিৎসাধীন বলে যে কথা পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে তা মিথ্যা।”
গত ২৫ মার্চ রাতে পুলিশ বলেছিল, দুই সন্ত্রাসীর সঙ্গে গুলি বিনিময়ে তাদের দুই সদস্যসহ এক সন্ত্রাসী আহত হয়।
আহত সন্ত্রাসী ওই রাতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওই দিন ‘গুলি বিনিময়ে’ এ এস আই মশিউর ও মোয়াজ্জেম আহত হয় বলে জানিয়েছিল পুলিশ।
ওই ঘটনা নিয়ে টেলিভিশনসহ বিভিন্ন গণমাধ্যমে খবর দেখে বাদি ঢাকা মেডিক্যালে গিয়ে তার ছেলে মাসুদের লাশ সনাক্ত করেন।
ঘটনার দিন পুলিশ নিহতের নাম-পরিচয় জানাতে পারেনি।
ঝুট ব্যবসাকে কেন্দ্র করে বাদির বড় ছেলে আসাদের সঙ্গে আসামি বুলু, আইয়ূব, নান্টুসহ অন্যদের দীর্ঘ দিনের ব্যবসায়িক বিরোধ ছিল বলে মামলার অভিযোগে বলা হয়।
মাসুদের বিরুদ্ধে কোথাও কোনো মামলা এমনকি জিডি পর্যন্ত ছিল না বলে উল্লেখ করা হয় মামলায়।
“মাসুদকে গুলি করার পর নিজেরা বাঁচতে শাহ আলী বাগ থানার এ পুলিশরা অজ্ঞাতনামাদের আসামি করে মামলা করে।”
মামলায় বাদি পক্ষে ৬ জনকে সাক্ষী করা হয়েছে।
অ্যাডভোকেট মোকসেদ আলী আকন্দ বাদি পক্ষে মামলার শুনানি করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/পিডি/১৯৪০ ঘ.
bdnews24