গাইবান্ধা, এপ্রিল ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একই সময়ে একই স্থানে সমাবেশ ডাকায় গাইবান্ধা সদর উপজেলায় ১৪৪ ধারা জারি সব ধরনের সভার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে স্থানীয় প্রশাসন।
গাইবান্ধার পৌর শহীদ মিনার চত্বরে ছাত্রলীগ ও যুবদল সমাবেশ ডাকায় রোববার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ওই স্থানে এ নিষেধাজ্ঞা থাকবে বলে জানান জেলা প্রশাশক মো. শহীদুল ইসলাম।
সদর থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, গাইবান্ধা জেলা শহর সংলগ্ন খোলাহাটী ইউনিয়নের ভেড়ামারা রেলওয়ে সেতু ও পানি উন্নয়ন বোর্ডের শহর রক্ষা বন্যা নিয়ন্ত্রণ বাঁধ এলাকায় ঘাঘট নদী থেকে অবৈধভাবে মাটি ও বালি উত্তোলনের প্রতিবাদে সকাল ১০টায় জেলা ছাত্রলীগ (জাসদ) পৌর শহীদ মিনার চত্বরে সমাবেশ আহ্বান করে।
ওই স্থানে একই সময়ে বালু ব্যবসায়ীদের পক্ষে জেলা জাতীয়তাবাদী যুবদল পৃথক সমাবেশ করার ঘোষণা দেয়।
এ অবস্থায় যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে শহীদ মিনার চত্বরসহ আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়।
পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে বলে জানান ওসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৩১০ ঘ.
bdnews24