গোপালগঞ্জ, এপ্রিল ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গোপালগঞ্জের কালনা ফেরিঘাটে চাঁদার টাকা আদায়কে কেন্দ্র করে সংঘর্ষে মধুমতি নদীতে ফেলে দেওয়া স্কুলছাত্রের লাশ রোববার উদ্ধার করেছে পুলিশ ।
সকালে মধুমতি নদীতে স্থানীয়রা লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পরে কাশিয়ানী থানা পুলিশ লাশ উদ্ধার করে।
নিহত মাহামুদ মোল্লা (১৫) গোপীনাথপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র ছিলেন।
কাশিয়ানী থানার ওসি সৈয়দ মান্নান আলী জানান, শুক্রবার সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নের তেতুলিয়া গ্রামের সৌদি প্রবাসী আল কামসুল মোল্লা দুটি বাস ও তিনটি মাইক্রোবাস নিয়ে যশোরে বিয়ে করতে যান।
ফেরার পথে রাতে কালনা ফেরিঘাটের পশ্চিমপাড়ে পৌঁছালে এনায়েত ফকিরের নেতৃত্বে একদল লোক সিরিয়ালের নামে গাড়ি প্রতি ২৫ টাকা করে চাঁদা দাবি করে। এ নিয়ে তাদের সঙ্গে বরযাত্রীদের কথাকাটাকাটির একপর্যায়ে চাঁদাবাজরা বরযাত্রীবাহী গাড়ির চালককে মারধর করে।
চাঁদাবাজরা বরযাত্রী মাহামুদ, হামিদুল ইসলাম, সাদিকুল ইসলামসহ চারজনকে বেদম মারপিট করে মধুমতি নদীতে ফেলে দেয়।
ওসি বলেন, এরমধ্যে মাহমুদ বাদে অন্য তিনজনকে রাতেই উদ্ধার করা হয়। নিখোঁজ থাকে মাহমুদ। সকালে স্থানীয়রা তার লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয়।
এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
ওসি জানান, টাকা আদায়কারী ও হামলার নেতৃত্বদানকারী এনায়েত ফকিরকে (৩৫) গ্রেপ্তার করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১১৪২ ঘ.
bdnews24