ঢাকা, এপ্রিল ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আসামি পক্ষের আইনজীবীদের আবেদনে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে তিন জামায়াত নেতার অভিযোগ গঠনের শুনানি মুলতবি হয়েছে। বিচারকরা মুলতবির আদেশ দিলেও একইসঙ্গে বলেছেন, তারা এতে বাধ্য হয়েছেন।
রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জামায়াতের আমির মতিউর রহমান নিজামী, সহকারী সেক্রেটারি জেনারেল মো. কামারুজ্জামান ও আব্দুল কাদের মোল্লার অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য ছিল। কিন্তু তিন ক্ষেত্রেই আসামির জ্যেষ্ঠ আইনজীবীরা অনুপস্থিত থাকায় সময়ের আবেদন জানানো হয়।
এরপর নিজামীর শুনানি ৮ এপ্রিল, কামারুজ্জামানের শুনানি ১০ এপ্রিল এবং কাদের মোল্লার শুনানি ৯ এপ্রিল পর্যন্ত মুলতবি রাখা হয়।
নিজামীর মূল আইনজীবী ব্যারিস্টার তাজুল ইসলাম এবং কামারুজ্জামান ও কাদের মোল্লার মূল আইনজীবী ব্যারিস্টার ব্যারিস্টার আব্দুর রাজ্জাক রোববার শুনানিতে ছিলেন না।
ট্রাইব্যুনাল প্রধান বিচারপতি নিজামুল হক শুনানির মুলতবির আদেশের সময় বলেন, “হাই কোর্টে আমাদের সহকর্মীরা যখন ছুটি পাচ্ছে, তখন আমরা এই বিচার প্রক্রিয়া এগিয়ে নিতে চেষ্টা করছি। কিন্তু মনে হচ্ছে, আইনজীবীদের ছুটি আছে, বিচারকদের নেই। এটা কাম্য নয়।”
নিজামীর বিরুদ্ধে প্রসিকিউশনের অভিযোগ ইতোমধ্যে উপস্থাপিত হয়েছে। রোববার আসামি পক্ষের জবাব দেওয়ার কথা ছিল। নিজামীর পক্ষে উপস্থিত আইনজীবী মুন্সী আহসান কবীর আদালতে থাকলেও তিনি তাজুল ইসলামের অনুপস্থিতিতে শুনানি এগিয়ে নিতে অপরাগতার কথা জানান।
এরপর কামরুজ্জামানের শুনানির পর্ব এলে আহসান কবীর আবার দাঁড়িয়ে মূল আইনজীবী আব্দুর রাজ্জাকের অনুপস্থিতির কথা জানান। তবে অভিযোগ থেকে কামরুজ্জামানের অব্যাহতি দিতে একটি আবেদন উপস্থাপন করেন তিনি। এরপরই শুনানি মুলতবির আবেদন জানান তিনি।
কাদের মোল্লার শুনানির সময় এলে তার পক্ষে দাঁড়িয়ে ফরিদউদ্দিন খান আগের জনের মতোই আব্দুর রাজ্জাকের অনুপস্থিতির কথা তুলে ধরেন। এই পর্যায়ে শুনানি শুনানি মুলতবির আদেশ দেওয়ার সময় বিচারপতি নিজামুল হকের মুখে বেশ বিরক্তির ভাব ফুটে উঠতে দেখা যায়।
এরপর তিনি ইঙ্গিত দেন, আগামী সপ্তাহে আসামি পক্ষের যুক্তি উপস্থাপন শেষ করেই তিনি তিনটি মামলার বিষয়েই আদেশ দেবেন।
বিচারপতি নিজামুল একইসঙ্গে আহসান কবীরকে উদ্দেশ্য করে বলেন, সোমবার যেন পুনরায় সময়ের আবেদন তিনি না জানান। সোমবার জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মো. মুজাহিদের অভিযোগ গঠনের শুনানির কথা রয়েছে।
আহসান কবির জানান, তিনি সম্ভবত শুনানি মুলতবির আবেদন জানাবেন না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এমআই/২০২০ ঘ.
bdnews24