২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্রকে বাঁশের কঞ্চি দিয়ে পিটুনি

চট্টগ্রামে একটি বেসরকারি বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর এক শিক্ষার্থীকে বাঁশের কঞ্চি দিয়ে মেরেছেন এক শিক্ষক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2012, 04:26 PM

Updated : 24 Aug 2022, 11:05 AM

চট্টগ্রাম, মার্চ ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে একটি বেসরকারি বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর এক শিক্ষার্থীকে বাঁশের কঞ্চি দিয়ে মেরেছেন এক শিক্ষক। ছালেহ জহুর সিটি কর্পোরেশন কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষার্থী সৈয়দ মোহাম্মদ আজরিন জিহাদকে পেটানো হয় বলে জানান তারা বাবা সৈয়দ আবু সালেহ। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক শিরিন আক্তার বাঁশের কঞ্চি দিয়ে আমার ছেলেকে আঘাত করেন। এতে সে বাম হাত ও কাঁধে আঘাত পায়। চিকিৎসকের পরামর্শে তার কাঁধের একটি এক্স-রে করা হয়েছে।” আহত জিহাদকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। মারধরের শিকার জিহাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানায়, “ইংরেজি ক্লাশে আমার পাশে বসা সুমিত দাশকে চোখের ময়লা সরানোর জন্য ফুঁ দিতে গেলে ম্যাডাম এসে আমাদের দুইজনকে বাঁশের কঞ্চি দিয়ে মারেন।” সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের ১১ ধরনের শারীরিক ও দুই ধরনের মানসিক শাস্তি নিষিদ্ধ করেছে সরকার। শনিবার সকাল সাড়ে ১২টার দিকে শ্রেণীকক্ষে শিশুটিকে ওই শিক্ষক মারধর করেন জানিয়ে আবু সালেহ বলেন, ছুটির পর ছেলে বাসায় এসে ঘটনাটি জানালে তিনি ছেলেকে নিয়ে স্কুলে যান। এ সময় কিন্ডারগার্টেন বিভাগের অধ্যক্ষকে না পেয়ে ওই ভবনে অবস্থিত ছালেহ জহুর সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রশিদ আহমেদ চৌধুরীকে বিষয়টি জানান তিনি। প্রধান শিক্ষক রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিষয়টি শুনে ওই শিক্ষিকাকে ডেকে পাঠালে তিনি এসে কোনো কথা বলতে চাননি। এ বিষয়ে কিন্ডারগার্টেন স্কুলের অধ্যক্ষ আফরোজা আক্তার বলেন, “আমি স্কুলে থাকাকালীন এ ধরণের কোনো ঘটনার কথা শুনিনি। এছাড়া কোনো অভিভাবকও আমার কাছে আসেননি।” রোববার স্কুলে গিয়ে বিষয়টি দেখবেন বলে জানান তিনি। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান শিক্ষা কর্মকর্তা নুরুল আলম নিজামী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রোববার একজন সহকারী শিক্ষা কর্মকর্তা গিয়ে বিষয়টি তদন্ত করে দেখবেন। ঘটনার সত্যতা মিললে অভিযুক্ত শিক্ষিকার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।” এ ঘটনায় অভিযুক্ত শিরিন আক্তারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএম/পিডি/২২২৭ ঘ.