ইসরাইল হোসেন বাবু
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
সিরাজগঞ্জ, মার্চ ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদ্যুতের লোডশেডিংয়ের কারণে চলতি মৌসুমে সিরাজগঞ্জে অন্তত ৫০ হাজার হেক্টর জমির ইরি-বোরো আবাদ হুমকির মুখে পড়েছে।
বিদ্যুতের ঘন ঘন যাওয়া-আসা এবং ভোল্টেজ কম থাকায় মোটর পুড়ে যাওয়ায় ক্ষতির সম্মুখীন হচ্ছে সেচ প্রকল্পগুলো।
কৃষকরা জানিয়েছেন, পানির অভাবে জমি ফেটে চৌচির হয়ে গেছে। ধানের থোড় শুকিয়ে যাচ্ছে। বিদ্যুতের অবস্থার পরিবর্তন না হলে উৎপাদন মারাত্মকভাবে ব্যহত হবে।
রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের সেনগাঁতী গ্রামের কৃষক রহমতুল বারী দুলাল, চকসাত্রা গ্রামের নবাব আলী, হাবিবুর রহমান ও ধামাইনগর ইউনিয়নের ধামাইনগরের রমজান আলী, ছানোয়ার হোসেন, সেলিম রেজা, সোহরাব আলী, বিনয় মাঝি, মানিক ফকির, কান্দু ফকির, রাজুল শেখ, দবির শেখ ও ভুট্টু সরকারসহ এলাকার অনেক কৃষক পুড়ে যাওয়া ধানক্ষেত দেখান এ প্রতিনিধিকে।
কোদলা গ্রামের প্রবীন শিক্ষক নজরুল ইসলাম আজাদ বলেন, বিদ্যুতের এমন ভয়াবহ অবস্থা তিনি এর আগে কখনো দেখেননি।
সিরাজগঞ্জ কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুর রহমান বলেন, চলতি মৌসুমে জেলার ৯ উপজেলায় মোট এক লাখ ৪৩ হাজার ২৫০ হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। ৩৫ শতাংশ জমিতে বোরো ধানের ফ্লাওয়ারিং (থোড় বের হওয়া) শুরু হয়েছে।
বিদ্যুৎ সংকট প্রসঙ্গে তিনি বলেন, এ ব্যাপারে একাধিকবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। সেচ মৌসুমের বিশেষ বরাদ্দ এখনো পাওয়া যায়নি। প্রয়োজনীয় সেচ সুবিধা না পেলে ধানের ফলন মারাত্মক বিঘিœত হতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।
সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির (পবিস) রায়গঞ্জ উপজেলার ভূইয়াগাঁতী জোনাল অফিসের ডিজিএম জুলফিকার আলী বলেন, সার্ভিস এলাকার চারটি থানায় ইরি-বোরো মৌসুমে বিদ্যুতের চাহিদা প্রায় ১৭ মেগাওয়াট। সরবরাহ পাওয়া যাচ্ছে মাত্র ৩ থেকে সাড়ে ৩ মেগাওয়াট। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বলেও কোনো ফল হচ্ছে না।
সিরাজগঞ্জ পবিস’র জিএম তুষার কান্তি দেবনাথ জানান, বোরো মৌসুমে জেলায় চাহিদা প্রায় ১০৭ মেগাওয়াট। সিরাজগঞ্জ গ্রিড থেকে ৫৬ মেগাওয়াট চাহিদার বিপরীতে সরবরাহ পাওয়া যাচ্ছে মাত্র ১০/১১ মেগাওয়াট, শাহজাদপুর গ্রিড থেকে ৫১ মেগাওয়াট চাহিদার বিপরীতে সর্বোচ্চ সরবরাহ পাওয়া যচ্ছে ০৯/১০ মেগাওয়াট এবং উল্লাপাড়া বিদ্যুৎ কেন্দ্র থেকে পাওয়া যাচ্ছে ১১ মেগাওয়াট।
সিরাজগঞ্জ পিডিবি’র আবাসিক প্রকৌশলী কৃষ্ণকান্ত রায় জানান, গত বোরো মৌসুমে ৬০ মেগাওয়াট চাহিদার বিপরীতে সরবরাহ পাওয়া যেত ২৭/৩০ মেগাওয়াট। চলতি বোরো মৌসুমে ৭৫ মেগাওয়াট চাহিদার বিপরীতে গ্রিডে সরবরাহ হচ্ছে মাত্র ১৬/১৭ মেগাওয়াট। এ অবস্থায় লোডশেডিং নিয়ন্ত্রণ করা সম্ভব নয়।
পিডিবি’র রাজশাহী বিভাগীয় প্রধান প্রকৌশলী স্বপন কুমার সাহা জানান, গত মৌসুমে সাড়ে ৫শ মেগাওয়াট চাহিদার বিপরীতে বিদ্যুৎ সরবরাহ পাওয়া যেত ৩৬৮ মেগাওয়াট থেকে ৪১০ মেগাওয়াট। চলতি মৌসুমে সাড়ে ৭শ’ মেগাওয়াট চাহিদার বিপরীতে সরবরাহ পাওয়া যাচ্ছে মাত্র ২১০ থেকে ২২০ মেগাওয়াট।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১৫৬ ঘ.
bdnews24