২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবি শিক্ষককে মারধর: র‌্যাবের ‘দুঃখ প্রকাশ’

র‌্যাব সদস্যদের মারধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক আহত হওয়ার ঘটনায় ‘দুঃখ প্রকাশ’ করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2012, 01:21 PM

Updated : 24 Aug 2022, 11:05 AM

ঢাকা, মার্চ ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- র‌্যাব সদস্যদের মারধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক আহত হওয়ার ঘটনায় ‘দুঃখ প্রকাশ’ করেছে র‌্যাব। ওই ঘটনায় সংশ্লিষ্ট র‌্যাবের একজন গাড়িচালককে ‘ক্লোজ’ করা হয়েছে। র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাহিনীটির কয়েকজন কর্মকর্তা শনিবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিকের সঙ্গে দেখা করে ‘দুঃখ প্রকাশ’ করেন। বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের প্রভাষক মোহাম্মদ সাইফুদ্দীন খান বুধবার সন্ধ্যায় উত্তরার দক্ষিণখানের গাওয়াইর এলাকায় মারধরের শিকার হন। মারধরে আহত এ শিক্ষক চিকিৎসা নিতে ভর্তি হন জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল)। রাস্তায় দাঁড়ানো র‌্যাবের একটি প্রাইভেটকার রাস্তার এক পাশে পার্ক করতে বলায় তাকে মারা হয় বলে অভিযোগ সাইফুদ্দীনের। র‌্যাবের বিজ্ঞপ্তিতে বলা হয়, “গত ২৮ মার্চ সন্ধ্যায় চালক মো. রুহুল আমিন একটি ট্যাক্সিক্যাব নিয়ে দক্ষিণখান থানাধীন প্রেমবাগান এলাকায় বাসায় যান। ওই এলাকার একটি রাস্তার মোড়ে তার চালিত ট্যাক্সিক্যাবটির পার্কিংকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভাষক মো. সাইফুদ্দিন খানের সঙ্গে বাদানুবাদ ঘটে।” “এক পর্যায়ে ঘটনাস্থলে সাইফুদ্দিন খানের ছোট ভাই পুলিশের উপ-পরিদর্শক মো. শাহাবুদ্দীন (তিনিও র‌্যাব সদস্য) উপস্থিত হন। তার উপস্থিতিতে ঘটনাটি হাতাহাতিতে রুপ নেয় এবং অনভিপ্রেত ঘটনার সৃষ্টি হয়।” এই ঘটনা তদন্তে তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করে ১ এপ্রিলের মধ্যে র‌্যাব মহাপরিচালক বরাবর প্রতিবেদন দিতে বলা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। এতে বলা হয়, র‌্যাবের কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা শনিবার দুপুর ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপচার্যের সঙ্গে দেখা করে র‌্যাবের পক্ষ থেকে ওই দিনের ঘটনার জন্য ‘দুঃখ প্রকাশ’ করেন। র‌্যাব সদস্যরা একই সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যব¯হা নেওয়ার বিষয়ে আশ্বস্ত করেন উপাচার্যকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/পিডি/১৯১০ ঘ.