সিরাজগঞ্জ, মার্চ ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা ছাত্রলীগ সভাপতি পদে প্রতিদ্বন্দ্বী দু’পক্ষের সংঘর্ষে অন্তত সাতজন আহত হয়েছে।
উপজেলা পরিষদ অডিটোরিয়ামে শনিবার বেলা সাড়ে ১২টার দিকে সংগঠনটির উপজেলার ত্রি-বার্ষিক সম্মেলনে এ সংঘর্ষ হয়।
সংঘর্ষে আহত উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেনকে (৩২) সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তাদের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
উপজেলা যুবলীগ সহ-সভাপতি আল মামুন জুয়েল বিডিনিউজ টোয়ন্টিফোর ডটকমকে বলেন, সম্মেলনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা নিয়ে আল-আমিন বাবু ও রাসেল আহম্মেদের সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে আল-আমিনের সমর্থকরা প্রতিপক্ষের সমর্থকদের উপর হামলা চালালে সংঘর্ষ বেধে যায়।
পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে তিনি জানান।
কামারখদ থানার ওসি সোহরাব আলী জানান, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এখনো কেউ মামলা করেনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/ডিডি/১৭২০ ঘ.
bdnews24