চট্টগ্রাম, মার্চ ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে চুরির অভিযোগে এক দিনমজুরকে পিটিয়ে হত্যার ঘটনায় এক জনকে আটক করেছে পুলিশ।
নিহত মো. হানিফ (৫০) সীতাকুণ্ড উপজেলার বারৈয়াঢালা ইউনিয়নের পূর্ব লালানগর গ্রামের মমতাজ উদ্দিনের ছেলে।
বৃহস্পতিবার সকালে উপজেলা সদর বাজারে তাকে পেটানো হয় বলে পুলিশ জানায়।
সীতাকুণ্ড থানার ওসি নূর মোহাম্মদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পাঁচ কার্টন আচার চুরির অভিযোগে সীতাকুণ্ড সদর বাজারের মমতাজ শপিং সেন্টারের এস. ব্রাদার্সের মালিক মো. আলাউদ্দিন ও তার ১০-১২ জন সঙ্গী সকাল সাড়ে ৬টার দিকে হানিফকে বেদম মারধর করেন।”
গুরুতর আহত অবস্থায় তাকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলে সকাল সাড়ে ১১টার দিকে তিনি মারা যান।
এ ঘটনায় আলাউদ্দিনকে দুপুর আড়াইটার দিকে গ্রেপ্তার করা হয়।
ওসি জানান, নিহতের ভাই হারুণ উর রশিদ সীতাকুণ্ড থানায় আলাউদ্দিনসহ ১০-১২ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমসি/এএইচ/২১০৮ ঘ.
bdnews24