২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অঙ্গহানি ঘটিয়ে ভিক্ষাবৃত্তিতে জড়ানোর মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু

অঙ্গহানি ঘটিয়ে রাজধানীর কামরাঙ্গীর চরের সাত বছরের শিশু নিয়ামুলকে ভিক্ষাবৃত্তিতে জড়ানোর চেষ্টার মামলায় আদালতে সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2012, 06:36 PM

Updated : 24 Aug 2022, 11:04 AM

ঢাকা, মার্চ ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অঙ্গহানি ঘটিয়ে রাজধানীর কামরাঙ্গীর চরের সাত বছরের শিশু নিয়ামুলকে ভিক্ষাবৃত্তিতে জড়ানোর চেষ্টার মামলায় আদালতে সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। বুধবার ঢাকার ৪ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক আরিফুর রহমানের আদালতে সাক্ষ্য দেন শিশুটির বাবা উমেদ আলী । মামলাটিতে নয় আসামির তালিকায় দুই জন শিশুও রয়েছে। তারা হলো মো. ইমরান (১২), মো. রাসেল (১০)। তারা পলাতক রয়েছে। একই বিচারক তাদের অপরাধের বিচার করছেন শিশু আদালতের বিচারক হিসাবে। ২০১০ সালের ৬ সেপ্টেম্বর কামরাঙ্গীরচরের নূর মসজিদ সংলগ্ন এলাকার বাসিন্দা রিকশাচালক উমেদ আলীর সাত বছরের ছেলে নিয়ামুলকে বেড়ি বাঁধের পাশের একটি বাড়ি থেকে জননাঙ্গ কাটাসহ শরীরের বিভিন্ন স্থানে জখম অবস্থায় উদ্ধার করা হয়। গুরুতর আঘাতের অভিযোগে প্রথমে থানায় একটি মামলা হলেও পরে উমেদ আলী নারী ও শিশু নির্যাতন আইনে আদালতে একটি মামলা করেন। আদালতের পেশকার মো. ফোরকান মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মামলার দুই আসামি মো. শরিফুল ইসলাম কোরবান (২৬) ও সালাহউদ্দিন (৩০) কারাগারে রয়েছেন। খন্দকার ওমর ফারুক (৩২) হাই কোর্ট থেকে জামিনে রয়েছেন। বাকি আসামি মো. রমজান (২৮), সাদ্দাম(২৪), নাজমা আক্তার(৪৫), কাউছার(৩২) পলাতক। পুলিশের বিরুদ্ধে এই ঘটনাটি ধামাচাপা দেওয়ার অভিযোগ উঠলে বিষয়টি হাই কোর্টের নজরেও আসে। হাই কোর্টের আদেশে কামরাঙ্গীরচর থানার উপ-পরিদর্শক নূরুল আলমকে চাকরি থেকেও সাময়িক বরখাস্তও করা হয়। পুলিশ তদন্ত শুরু করলেও পরে মামলার তদন্তের দায়িত্ব পায় র‌্যাব। মামলার অভিযোগপত্র দেন তদন্ত কর্মকর্তা র‌্যাব-১ এর সহকারী পুলিশ সুপার মো. আব্দুল বাতেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এমআই/০০৩৩ ঘ.