চাঁদপুর, মার্চ ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুরে রেলওয়ের জমিতে গড়ে ওঠা অবৈধ দোকানপাট উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০জন আহত হয়েছেন।
বুধবার দুপুরে শহরের কালীবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
চাঁদপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলামের উপস্থিতিতে রেলওয়ের জায়গায় থাকা কয়েকটি ফলের দোকান উচ্ছেদ করা নিয়ে দুই পক্ষের মধ্যে বাগবিতণ্ডা থেকে সংঘর্ষ শুরু হয়। এ সময় অন্তত ১০ জন আহত হয়েছেন।
পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
চাঁদপুর সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মনির আহমেদ বলেন, পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। তবে এই ঘটনায় কেউ আটক হয়নি।
ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএম/এএল/১৫৩৬ ঘ.
bdnews24