ঢাকা, মার্চ ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদ্রাসা বোর্ডের ২০১৩ সালের ইবতেদায়ি ও দাখিল স্তরের পাঠ্যপুস্তক মুদ্রণে আহ্বান করা দরপত্র বাতিলের সুপারিশ করেছে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।
মঙ্গলবার জাতীয় সংসদে অনুষ্ঠিত সংসদীয় কমিটির বৈঠকে ২ এপ্রিলের মধ্যে নতুন দরপত্র আহ্বানের সুপারিশও করা হয়।
ছয়টি মুদ্রণ প্রতিষ্ঠানকে ‘কাজ পাইয়ে দেওয়ার’ উদ্দেশ্যে বর্তমান দরপত্র আহ্বান করা হয়েছে বলে এনসিটিবি চেয়ারম্যানের বিরুদ্ধে যে অভিযোগ উত্থাপিত হয়েছে, তা তদন্তে একটি উপকমিটি গঠন করা হয়েছে।
কমিটির সভাপতি রাশেদ খান মেনন সাংবাদিকদের বলেন, দরপত্রে ওয়েব প্রিন্টিংয়ের মতো আধুনিক প্রযুক্তিতে বই ছাপানোর শর্ত দেওয়া হয়েছে, তাতে মাত্র ছয়টি প্রতিষ্ঠান কাজ পেতে যাচ্ছে। এতে মুদ্রণ শিল্পে যুক্ত হাজার হাজার প্রতিষ্ঠান বই ছাপানোর কাজ পাওয়া থেকে বঞ্চিত হবে।
“আমরা মনে করি, লাখ লাখ কর্মীর স্বার্থের বিষয়টি চিন্তা করে এই দরপত্র সবার জন্য উন্মুক্ত হোক। তাছাড়া ওই ছয়টি প্রতিষ্ঠানের বিষয়ে বিভিন্ন অনিয়মের অভিযোগ পেয়েছি আমরা,” বলেন তিনি।
বৈঠকে এবতেদায়ি ও দাখিল স্তরের পাঠ্যপুস্তক মুদ্রণের দরপত্র সম্পর্কে বাংলাদেশ মুদ্রণ শিল্প সমিতির চিঠি নিয়ে আলোচনা হয়। সমিতির আওতাভুক্ত প্রতিষ্ঠানগুলো দরপত্র বাতিলের দাবিতে আন্দোলন করছে।
সংসদীয় কমিটিকে দেওয়া সমিতির চিঠিতে বলা হয়, এবতেদায়ি ও দাখিল স্তরের পাঠ্যপুস্তক মুদ্রণের জন্য এনসিটিবির আহবান করা বর্তমান দরপত্র বাস্তবায়িত হলে বাংলাদেশ মুদ্রণ শিল্পসমিতির দুই হাজার মুদ্রণ শিল্পের সঙ্গে জড়িত ২ লাখেরও বেশি কর্মচারী বেকার হয়ে যাবে।
অনিয়মের অভিযোগের বিষয়ে মেনন জানান, বইয়ের ছাপার আকারে পরিবর্তন আনা হয়েছে। দাখিল স্তরের বই ২০১২ বর্ষেও ২২ ও ৩২ ইঞ্চি আকারে মুদ্রণ করা হয়েছে। কিন্তু ওই ছয়টি প্রতিষ্ঠানের মেশিনের আকার অনুযায়ী বইয়ের আকার এবার ২২ ও ৩০ ইঞ্চি করা হয়েছে।
সংসদ সচিবালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, দরপত্র আহবানে চেয়ারম্যানের বিরুদ্ধে ওঠা অভিযোগ খতিয়ে দেখতে শাহ আলমকে আহবায়ক এবং মির্জা আজম ও কাজী ফারুক কাদেরকে সদস্য করে তিন সদস্যের একটি উপকমিটি গঠন করা হয়। উপকমিটিকে এক মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এমআই/১৮৫৫ ঘ.
bdnews24