২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভাষাশহীদদের নিয়ে ঢাবিতে জাদুঘর

বায়ান্নর ভাষাশহীদদের নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জহুরুল হক হলে নবনির্মিত ভাষা শহীদ আবুল বরকত স্মৃতি জাদুঘর ও সংগ্রহশালা উদ্বোধন হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2012, 03:12 PM

Updated : 24 Aug 2022, 11:03 AM

ঢাকা বিশ্ববিদ্যালয়, মার্চ ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বায়ান্নর ভাষাশহীদদের নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জহুরুল হক হলে নবনির্মিত ভাষা শহীদ আবুল বরকত স্মৃতি জাদুঘর ও সংগ্রহশালা উদ্বোধন হয়েছে। রোববার বিকালে পলাশী মোড় সংলগ্ন চত্বরে ভাষা সৈনিক ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক প্রধান উপদেষ্টা বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমান এই স্মৃতি জাদুঘর ও সংগ্রহশালার উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, “এই জাদুঘর আমাদের বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মকে ইতিহাস চর্চায় উৎসাহিত করবে এবং গবেষণায় উদ্দীপনা যোগাবে।” ভাষাশহীদ সালাম, বরকত, রফিক, শফিউরের প্রতিকৃতিসহ ভাষা আন্দোলন নিয়ে নানা সংগ্রহ রাখা হয়েছে জাদুঘরে। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের মিছিলে পাকিস্তানি শাসক গোষ্ঠীর নির্দেশে পুলিশের গুলিতে প্রাণ হারান এসব ভাষাশহীদ। এরপর বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষার স্বীকৃতি দেয় তৎকালীন পাকিস্তানি শাসকগোষ্ঠী। ভাষা আন্দোলনের ধারাবাহিকতায়ই ১৯৭১ সালে সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে আসে বাংলাদেশের স্বাধীনতা। উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের কাছে শহীদ আবুল বরকতের ব্যবহার করা সামগ্রী, স্মৃতিচিহ্ন, হাতঘড়ি, একুশে পদক ও ১০ কপি ডকুমেন্টারি ফিল্ম হস্তান্তর করেন শহীদের মামাতো ভাই আর এম তাহা। ৬৮ লাখ পাাঁচ হাজার ৩১৫ টাকা ব্যয়ে এ স্মৃতি জাদুঘর ও সংগ্রহশালা নির্মাণ করা হয়েছে। ২০০৮ সালের ৩ অক্টোবর এর নির্মাণ কাজ শুরু হয়ে ২০০৯ সালের ১৬ জুন তা শেষ হয়। উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রাক্তন অধ্যাপক রফিকুল ইসলাম, উপ-উপাচার্য অধ্যাপক হারুন-অর-রশিদ, কোষাধ্যক্ষ অধ্যাপক মীজানুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। এর আগে শহীদ আবুল বরকতের পরিচিতি তুলে ধরেন জহুরুল হক হলের প্রাধ্যক্ষ অধ্যাপক আবু মো. দেলোয়ার হোসেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/২১১০ ঘ.