শরীয়তপুর, মার্চ ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শরীয়তপুর সদর উপজেলায় ইউনিয়ন বিএনপির এক নেতাকে জবাই করে হত্যা করেছে দুবৃর্ত্তরা। এ ঘটনায় বিক্ষুব্ধ সমর্থকরা এলাকার ১০টি বাড়িঘরে ভাংচুর ও লুটপাট চালিয়েছে।
নিহত মকবুল সরদার (৫৫) পালং ইউনিয়ন বিএনপির নেতা ছিলেন। তিনি চাঁদসার গ্রামের হাতেম সরদারের ছেলে।
শনিবার গভীর রাতে জবাই করে হত্যার পর মকবুলের লাশ বাড়ির অদূরে একটি ধান ক্ষেতে ফেলে রেখে যায় বলে জানায় পুলিশ ও পরিবারের সদস্যরা।
এই ঘটনায় রিয়েল সরদার (২৮), ফানিফ ওরফে নাছির (১৮) নামে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নিহতের মেয়ে জাহানারা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত ১০টার দিকে তার বাবা ইরি ব্লকের হিসাব করার জন্য গ্রামের সেলিম সরদারের বাড়ি যান। অনেক রাতেও ফিরে না আসায় পরিবারের লোকজন খুঁজতে বেরিয়ে ধান ক্ষেতে তার লাশ পায়।
নিহতের শরীরে ৪০-৪৫টি আঘাতের চিহ্ন রয়েছে, গলা প্রায় বিচ্ছিন্ন।
পালং থানার ওসি মো. রবিউল আলম জানান, রোববার সকালে লাশ ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনার পর মকবুলের সমর্থকরা শহিদুল সিকদার, পল্টন সিকদার, আক্তার মাদবরসহ প্রায় ১০টি বাড়িতে ভাংচুর ও লুটপাট চালায়।
চলতি মৌসুমে একটি ইরি ব্লকের ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করছিলেন মকবুল। ঘটনাস্থল থেকে একটি মানিব্যাগ ও ভোটার আইডি কার্ড উদ্ধার করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) মো. তালেবুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৪০৫ ঘ.
bdnews24