২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাগুরায় ভেজাল সার উদ্ধার, জেল জরিমানা

মাগুরা সদরে চারটি দোকান ও গুদাম থেকে ভেজাল সার, নকল কীটনাশকসহ বিপুল পরিমাণ কৃষি উপকরণ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2012, 05:01 PM

Updated : 24 Aug 2022, 11:02 AM

মাগুরা, মার্চ ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাগুরা সদরে চারটি দোকান ও গুদাম থেকে ভেজাল সার, নকল কীটনাশকসহ বিপুল পরিমাণ কৃষি উপকরণ উদ্ধার করেছে পুলিশ। এ সময় ওই প্রতিষ্ঠানের মালিক ও তার এক সহযোগীকে জেল জরিমানা করে ভ্রম্যমাণ আদালত। ছোটব্রিজ বাজারে মোস্তাফিজুর রহমান কাজল নামের এক ব্যবসায়ীর বসুন্দিয়া এন্টারপ্রাইজ’র চারটি দোকান ও গুদাম এবং তার বাড়িতে শুক্রবার সন্ধ্যায় এ অভিযান চালানো হয়। ভারপ্রাপ্ত পুলিশ সুপার মো. সাজ্জাদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মোস্তাফিজের বাসা, দোকান ও গুদাম থেকে পুলিশ প্যাকেটজাত বিপুল পরিমাণ ভেজাল সার, নকল কীটনাশক, বীজ এবং খোলা অবস্থায় রাখা সারসহ অন্যান্য কৃষি উপকরণ উদ্ধার করে। এগুলোর মূল্য অন্তত ২৫ লাখ টাক বলে এই পুলিশ কর্মকর্তা জানান। তিনি আরো বলেন, ওখান থেকে সরকারের বীজ প্রত্যায়ন এজেন্সির ভিত্তি বীজের বিপুল পরিমাণ মান নির্ধারণ স্লিপও উদ্ধার করা হয়। পরে কৃষি কর্মকর্তা সুব্রত কুমার চক্রবর্তীর উপস্থিতিতে এগুলো যাচাই বাছাই করে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার ভ্রাম্যমাণ আদালত বসানো হয়। আদালতে মোস্তাফিজুর রহমান কাজলকে এক বছর সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো তিন মাস এবং তার সহযোগী রিপন খানকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৫৫ ঘ.