২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সব দেশকে একসঙ্গে কাজ করতে হবে: পঙ্কজ

ভারতীয় হাই কমিশনার পঙ্কজ শরণ বলেছেন, উন্নয়নের জন্য দক্ষিণ এশিয়ার দেশগুলোকে এক সঙ্গে কাজ করতে হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2012, 02:24 PM

Updated : 24 Aug 2022, 11:01 AM

চট্টগ্রাম, মার্চ ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতীয় হাই কমিশনার পঙ্কজ শরণ বলেছেন, উন্নয়নের জন্য দক্ষিণ এশিয়ার দেশগুলোকে এক সঙ্গে কাজ করতে হবে। তার মতে, ভারত এককভাবে উন্নতি করতে পারবে না। বৃহস্পতিবার চট্টগ্রামে স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে এক মত বিনিময় সভায় তিনি এ কথা বলেন। চট্টগ্রাম চেম্বার আয়োজিত এ সভায় ঢাকায় ভারতের নতুন হাই কমিশনার পঙ্কজ বলেন, “বন্দর ব্যবহার করতে দিয়ে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর অর্থনৈতিক উন্নয়নের অংশীদার হতে পারে চট্টগ্রাম।” তিনি জানান, দুই দেশের মধ্যে সীমান্ত হাট চালু ও সাতটি স্থলবন্দর নির্মাণসহ বিভিন্ন ‘কার্যকর’ পদক্ষেপ নেওয়া হয়েছে। ইতোমধ্যে মেঘালয়ে একটি সীমান্ত হাট চালু হয়েছে এবং ত্রিপুরা ও মিজোরামে দুটি সীমান্ত হাট চালুর প্রক্রিয়া চলছে বলে জানান তিনি। তিনি বলেন, হিলি, চক্রবান্ধা, ডৌকি, সূত্রাকন্ডি ও মিজোরাম সীমান্তে বাংলাদেশের সঙ্গে সাতটি স্থলবন্দর নির্মাণের প্রক্রিয়া চলছে। ব্যবসায়ীদের এক প্রশ্নের জবাবে বাংলাদেশ থেকে ভারতে ভিসা সংক্রান্ত জটিলতা নিরসনে উদ্যোগ নেওয়ার বিষয়টি বিবেচনায় রয়েছে বলে জানান হাই কমিশনার। ভারতের বাজারে ৪৬টি গার্মেন্ট পণ্যের শুল্কমুক্ত প্রবেশের সুযোগের কথা উল্লেখ করে তিনি বলেন, পাশাপাশি চার হাজার ৭৭৫টি রপ্তানি পণ্যের শুল্ক মওকুফ করা হয়েছে। “ভারতের মতো বর্ধিত বাজারে এর সুযোগ নিতে পারে বাংলাদেশি ব্যবসায়ীরা।” চট্টগ্রাম চেম্বার সভাপতি মোরশেদ মুরাদ ইব্রাহীমের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে সাবেক সভাপতি ও সাংসদ এম এ লতিফ, সাবেক সভাপতি ও দক্ষিণ জেলা বিএনপি সভাপতি সাংসদ জাফরুল ইসলাম চৌধুরী, জ্যেষ্ঠ সহ-সভাপতি মাহবুবুল আলম, পরিচালক এম এ ছালাম, ক্যাপ্টেন শফি চৌধুরী, শফিউর রহমান, জসিম উদ্দিন চৌধুরী, শিপিং এজেন্টস এসোসিয়েশনের কামাল হায়াত প্রমুখ ব্যবসায়ী নেতারা বক্তব্য দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএইচ/পিডি/২০১৮ ঘ.