২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘সহস্রাব্দ লক্ষ্যমাত্রা অর্জনে ঠিক পথে বাংলাদেশ’

সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বাংলাদেশ ঠিক পথে রয়েছে বলে পরিকল্পনা কমিশনের এক প্রতিবেদনে বলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2012, 02:11 PM

Updated : 24 Aug 2022, 11:02 AM

ঢাকা, মার্চ ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বাংলাদেশ ঠিক পথে রয়েছে বলে পরিকল্পনা কমিশনের এক প্রতিবেদনে বলা হয়েছে। দারিদ্র্য নিরসন, প্রাথমিক শিক্ষায় তালিকাভুক্তি এবং প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষায় লৈঙ্গিক সমতাসহ বিভিন্ন সূচক অর্জনে বাংলাদেশ ভালো করছে বলে ‘সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা বাংলাদেশের অগ্রগতি প্রতিবেদন ২০১১’ প্রকাশ অনুষ্ঠানে এ কথা বলা হয়েছে। বৃহস্পতিবার পরিকল্পনা কমিশনে এ প্রতিবেদন প্রকাশ হয়। প্রতিবেদনে বলা হয়, শিশু ও মাতৃমৃত্যুর হার কমানো, টিকা প্রদান, ম্যালেরিয়ার বিস্তার রোধ ও যক্ষা নিয়ন্ত্রণ এবং বিশুদ্ধ পানির সরবরাহ ও পয়ঃনিষ্কাশন সূচক অর্জনেও বাংলাদেশ ভালো করেছে। ২০০০ সালে সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় এবং এর আওতায় আটটি লক্ষ্য, ১৮ অভীষ্ট লক্ষ্যমাত্রা ও ৪৮ সূচকের রূপরেখা প্রণয়ন করা হয়। ১৯৯০ থেকে ২০১৫ সালের মধ্যে সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে এসব উন্নয়ন লক্ষ্য, অভীষ্ট লক্ষ্যমাত্রা ও সূচক নির্ধারণ করা হয়। পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য শামসুল আলম এ প্রতিবেদন তুলে ধরেন। তিনি বলেন, দারিদ্র্য দূরীকরণ ও ক্ষুধামুক্তিতে বাংলাদেশ প্রশংসনীয় অগ্রগতি অর্জন করেছে। ১৯৯০ সালে দারিদ্র্যসীমা যেখানে ৫৬ দশমিক ৬ ছিল সেখানে বর্তমানে তা ৩১ দশমিক ৫-এ নেমে এসেছে। “এই সময়ে দিনে সোয়া এক ডলারের কম আয় করেন এমন মানুষের সংখ্যা উল্লেখযোগ্য হারে কমে এসেছে,” বলেন আলম। সার্বজনীন প্রাথমিক শিক্ষা বিষয়ক লক্ষ্যমাত্রা নিয়ে তিনি বলেন, এ লক্ষ্যমাত্রা অর্জনে সরকারের আরো বরাদ্দ দেওয়া উচিত। “বাজেটের ১৮ শতাংশ শিক্ষা খাতে বরাদ্দ দেওয়া উচিত যা বর্তমানে ১২ শতাংশ রয়েছে।” তিনি বলেন, প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষায় লৈঙ্গিক সমতা ও নারীর ক্ষমতায়নের লক্ষ্য অর্জনে বাংলাদেশ ভালো করলেও পরবর্তী পর্যায়ের দিকে আরো নজর দিতে হবে। উচ্চতর শিক্ষায় মেয়ে ও ছেলের অনুপাত বর্তমানে শূন্য দশমিক ৩৯ যা ১৯৯০ সালে শূন্য দশমিক ৩৭ ছিল। ২০১৫ সাল নাগাদ সদ্যজাত শিশুমৃত্যুর হার ও শিশুর টিকা দান কর্মসূচিতে লক্ষ্যমাত্রা অর্জন করা যাবে বলে আশা প্রকাশ করেন পরিকল্পনা কমিশনের এ কর্মকর্তা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এএইচ/পিডি/২০০৭ ঘ.