ঢাকা, মার্চ ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্বাধীনতা দিবস সামনে রেখে সশস্ত্র বাহিনী আয়োজিত ৯ দিনব্যাপী সমরাস্ত্র প্রদর্শনীর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার রাজধানীর শের-ই-বাংলা নগরের জাতীয় প্যারেড স্কয়ারে শুরু হওয়া এই প্রদর্শনী চলবে ৩১ মার্চ পর্যন্ত।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রধানমন্ত্রী প্রদর্শনীস্থলে পৌঁছালে সেনাবাহিনী প্রধান জেনারেল মোহাম্মদ আব্দুল মুবীন, নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল জেড ইউ আহমেদ ও বিমানবাহিনী প্রধান এয়ার মার্শাল শাহ্ মো. জিয়াউর রহমান এবং সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল আবদুল ওয়াদুদ তাকে অভ্যর্থনা জানান।
প্রদর্শনীর উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী বিভিন্ন স্টল ও প্যাভিলিয়ন ঘুরে দেখেন এবং বিভিন্ন স্টলে হালকা ও ভারী যুদ্ধাস্ত্র প্রত্যক্ষ করেন।
মন্ত্রিপরিষদের সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনৈতিক মিশনের প্রধান, সংসদ সদস্যসহ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৮ মার্চ ছাড়া প্রতিদিন সকাল সাড়ে ৯টা থেকে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে।
২৮ মার্চ বেলা ১২টা থেকে বিকাল সাড়ে ৫টা মিনিট পর্যন্ত এ প্রদর্শনী কেবল সশস্ত্র বাহিনীর সদস্যদের পরিবার এবং সেনানিবাস এলাকার স্কুল-কলেজের শিক্ষার্থীদের জন্য খোলা থাকবে।
প্রদর্শনীতে সশস্ত্র বাহিনীর বিভিন্ন সমর সরঞ্জামসহ সেনাবাহিনীর কমান্ডো অ্যাকশন; নৌ-বাহিনীর ডাইভিং শো, পাইপ ব্যান্ড; বিমান বাহিনীর কালার স্মোক, ফ্লাই পাস্ট উড্ডয়নসহ বিভিন্ন আয়োজন রয়েছে।
৩১ মার্চ বেলা ১২টা থেকে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত রাজধানীর স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীসহ সবার জন্য প্রদর্শনীতে বিশেষ ব্যবস্থা থাকবে।
প্রদর্শনী এলাকায় কোনো ধরনের স্কুল ব্যাগ, ব্যাকপ্যাক, হ্যান্ড ব্যাগ, ভ্যানিটি ব্যাগ, মোবাইল ফোন বা ক্যামেরা বহন করা যাবে না বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/জেকে/১৯৩৪ ঘ.
bdnews24