সাতক্ষীরা, মার্চ ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধান সড়কে নসিমন, করিমনসহ সব ধরনের শ্যালো ইঞ্জিন চালিত যান চলাচল বন্ধের দাবিতে জেলায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু করেছে সাতক্ষীরা মোটর শ্রমিক ইউনিয়ন।
বৃহস্পতিবার দুপুর থেকে শুরু হওয়া এই ধর্মঘট দাবি পূরণ না হওয়া পর্যন্ত চলবে বলে জানিয়েছে সাতক্ষীরা জেলা মিনিবাস-বাস মালিক সমিতির সভাপতি ও জেলা শ্রমিকলীগের সভাপতি সাইফুল করিম সাবু।
তিনি বলেন, গত ১৯ মার্চ সকালে শ্যামনগর থেকে তীর্থ যাত্রীদের গোপালগঞ্জ নিয়ে যাওয়ার সময় শ্যামনগর-সাতক্ষীরা সড়কের সেকেন্দ্রা নামক স্থানে একটি শ্যালো ইঞ্জিন চালিত ভ্যানকে সাইড দিতে গিয়ে দুর্ঘটনায় বাসের সহকারীর মৃত্যু হয়। এ ঘটনায় দেবহাটা থানায় বাসচালকের বিরুদ্ধে মামলা হয়েছে।
মামলা প্রত্যাহারের দাবিতে বুধবার ধর্মঘট পালন করে কালিগঞ্জ মোটর শ্রমিক ইউনিয়ন।
সাবু বলেন, “আমরা কালিগঞ্জ শ্রমিকদের সঙ্গে একাত্মতা ঘোষণা করেছি। দাবি পূরণ না হলে ধর্মঘট অব্যাহত থাকবে।
সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকেশ চন্দ্র বিশ্বাস জানান, বাস মালিক সমিতি ও মোটর শ্রমিক নেতাদের সঙ্গে জেলা প্রশাসক আলোচনায় বসেছে। আশা করা হচ্ছে দ্রুত সমস্যার সমাধান হয়ে যাবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/১৯৩৪ ঘ.
bdnews24