চট্টগ্রাম, মার্চ ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের বাকলিয়ায় একটি ভবন ভাঙার সময় কার্নিশ পড়ে এক কিশোরের মৃত্যু হয়েছে।
বাকলিয়া থানার উপ পরিদর্শক (এসআই) মোহাম্মদ ইলিয়াস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার দুপুরে বাকলিয়ার রাজাখালী সেতুর পূর্ব পাশে আজিজ কমপ্লেক্স নামে একটি ভবন ভাঙার সময় এ দুর্ঘটনা ঘটে।
নিহত কিশোরের নাম ফয়সাল ওরফে জুয়েল (১৩)। বাবার নাম শফিকুল ইসলাম। বাকলিয়ায় একটি ভাড়া বাসায় তারা থাকেন।
একটি আবাসন নির্মাতা প্রতিষ্ঠান দায়িত্ব নেওয়ার পর আজিজ কমপ্লেক্স ভাঙার উদ্যোগ শুরু হয় বলে এসআই ইলিয়াস জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “আজিজ কমপ্লেক্সের পাশ দিয়ে যাওয়ার সময় দোতলা থেকে কার্নিশের একটি অংশ ভেঙে জুয়েলের মাথায় পরে। এতে ঘটনাস্থলে সে মারা যায়।”
এ ঘটনায় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমসি/জেকে/১৯০৬ ঘ.
bdnews24