ঢাকা, মার্চ ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এশিয়া কাপ ক্রিকেটের ফাইনাল খেলা সামনে রেখে প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয় বৃহস্পতিবার দুপুরের আগেই অনেকটা খালি হয়ে যায়।
দুপুরের পর প্রায় প্রত্যেকটি দপ্তরের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের অফিস ত্যাগ করে খেলা দেখার জন্য ছুটতে দেখা যায়।
আগাম টিকেট পাওয়ায় বেলা ১২টার মধ্যেই মিরপুরে শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের উদ্দেশ্যে রওনা হন অধিকাংশ ঊর্ধ্বতন কর্মকর্তা।
তাদের অনুসরণ করেন অন্য কর্মকর্তা-কর্মচারীরাও। দুপুরে ব্যাগ গুছিয়ে বাসার উদ্দেশ্যে ছোটেন তাদের অধিকাংশই। পরিবারের সদস্যদের নিয়ে ঘরে বসে টেলিভিশনে খেলা দেখবেন বলে এ প্রতিবেদককে জানান তাদের অনেকে।
যারা বাড়ি কিংবা স্টেডিয়ামে যাননি, তারা অফিসে বসেই টেলিভিশনে খেলা দেখা শুরু করেছেন বেলা ২টায়। এই ম্যাচে পাকিস্তানকে হারাতে পারলে এশীয় ক্রিকেটে শ্রেষ্ঠত্বের আসনে পৌঁছে যাবে বাংলাদেশ।
সরকারি ছুটি না থাকলেও বৃহস্পতিবার সচিবালয়ে তেমন কোনো কাজ হয়নি। বরং নিয়েই আলোচনায় সময় কেটেছে কর্মচারীদের।
বেলা ১টায় বাড়ির পথ ধরা এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রথমবারের মতো বাংলাদেশ এশিয়া কাপের ফাইনালে খেলছে। এ খেলা দেখার সুযোগ কে না চাইবে?”
ঊর্ধ্বতন কর্মকর্তার অনুমতি নিয়েই অফিস ছাড়ছেন বলে দাবি করেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/জেকে/১৬১৮ ঘ.
bdnews24