ঢাকা, মার্চ ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্তের অগ্রগতি প্রতিবেদন আদালতের ডেপুটি অ্যাটর্নি জেনারেলের কাছে জমা দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজি)।
তবে যে বেঞ্চ এই প্রতিবেদন চেয়েছিল- তার একজন বিচারক ছুটিতে থাকায় এবং ৭ এপ্রিল পর্যন্ত হাইকোর্টের অবকাশ চলবে বলে প্রতিবেদনটি ৮ এপ্রিলের আগে বেঞ্চে উপস্থাপন সম্ভব নয় বলে জানিয়েছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবিএম আলতাফ হোসেন।
বৃহস্পতিবার তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সকাল ১০টার দিকে পুলিশের মহাপরিদর্শকের কার্যালয় থেকে একটি প্রতিবেদন পেয়েছি। এর আগে গতকাল (বুধবার) গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে আরেকটি প্রতিবেদন পেয়েছিলাম।”
গত ১১ ফেব্রুয়ারি ভোরে রাজধানীর রাজাবাজারে নিজেদের ভাড়া বাসায় খুন হন মাছারাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর ও তার স্ত্রী এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক রুনি। ওই ঘটনায় ‘অজ্ঞাতপরিচয়’ ব্যক্তিদের আসামি করে শেরেবাংলা নগর থানায় একটি হত্যা মামলা করা হয়।
এই হত্যাকাণ্ডের বিষয়ে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ একটি রিট আবেদন করলে হাই কোর্ট গত ২৮ ফেব্রুয়ারি একটি রুল জারি করে, যাতে ওই মামলার তদন্তের অগ্রগতি জানাতে বলা হয়।
নির্ধারিত দুই সপ্তাহের মধ্যে তা না দেওয়ায় গত মঙ্গলবার আরেক আদেশে বৃহস্পতিবারের মধ্যে এই প্রতিবেদন দিতে বলে বিচারপতি শামসুদ্দিন চৌধুরী ও জাহাঙ্গীর হোসেনের বেঞ্চ। স্বরাষ্ট্র সচিব, তথ্য সচিব, পুলিশের মহাপরিদর্শক, র্যাবের মহাপরিচালক, ডিবির উপকমিশনার (দক্ষিণ) ও শেরেবাংলা থানার ওসিকে এই নির্দেশ দেওয়া হয়।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল বলেন, “কনিষ্ঠ বিচারপতি ছুটিতে থাকায় আজ (বৃহস্পতিবার) এই দ্বৈত বেঞ্চের এখতিয়ার (জুরিসডিকশন) নেই। আজ আদালতে উভয় প্রতিবেদন জমা দেওয়ার কথা থাকলেও দিতে পারিনি। আজকের পর থেকে কোর্ট অবকাশে যাবে। অবকাশ শেষে আগামী ৮ এপ্রিল উভয় প্রতিবেদন আদালতে দাখিল করতে পারবো বলে আশা করছি।”
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রতিবেদন দুটি ‘সিলগালা’ অবস্থায় আছে। তাই প্রতিবেদনে কী আছে- তা জানানো সম্ভব নয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র ও ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার মনিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আদালতের নির্দেশনা অনুযায়ী মামলার তদন্ত প্রতিবেদন বুধবার আদালতে জমা দেওয়া হয়েছে।”
প্রতিবেদনে কী আছে- সে সম্পর্কে কিছু বলেননি তিনিও।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/জেকে/১৩২৭ ঘ.
bdnews24