সাভার, মার্চ ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বার্ড ফ্লু শনাক্ত হওয়ায় ঢাকার সাভারে একটি সরকারি খামারে সাড়ে চার হাজার মুরগি নিধন করা হয়েছে।
সিএন্ডবি এলাকার ‘সরকারি হাঁস-মুরগি খামারে’ বুধবার রাতে এ নিধন কাজ করেন প্রাণিসম্পদ কর্মকর্তারা।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ফরহাদুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সরকারি এই খামারের চারটি সেডে মুরগি নিধন রাত ৮টায় শুরু হয়। শেষ হয় রাত পৌনে ১১টায়।
তিনি বলেন, বেশ কয়েকদিন যাবত খামারটিতে মুরগি মারা যাচ্ছিল। সোমবার কেন্দ্রীয় রোগ অনুসন্ধান ও গবেষণাগারে (সিডিআইএল) মরা মুরগির নমুনা পরীক্ষায় বার্ড ফ্লু ধরা পড়ে।
পরে প্রাণিসম্পদ অধিদপ্তরের চিফ ভেটেরিনারি অফিসারের (সিভিও) কার্যালয় থেকে ওই খামারের সব মুরগি নিধনের নির্দেশ আসে।
আক্রান্ত মুরগির ঘাড় মটকিয়ে নিধনের পর বস্তায় ভরে পাঁচ ফুট গভীর গর্তে পুতে রাখা হয়। পরে গর্তে চুন ও জীবাণুনাশক ঔষধ ছিটানো হয়।
নিধনের সময় ঢাকা জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা গোলাম মোহাম্মদ আলী, ভেটেরিনারি সার্জন ডা. মিজানুর রহমান, সরকারি হাঁস-মুরগি খামারের সহকারী পরিচালক ফারুক সরকার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ফরহাদুল আলম উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৪৭ ঘ.
bdnews24