২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদ্যুৎ ও সড়ক সংস্কারের মান বাড়ানোর সুপারিশ

সংস্কার কাজের গুণগতমান বাড়িয়ে বিদ্যুৎ ও সড়ক পরিস্থিতির উন্নয়ন দৃশ্যমান করার সুপারিশ করেছে সংসদীয় কমিটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2012, 04:18 PM

Updated : 24 Aug 2022, 11:01 AM

ঢাকা, মার্চ ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংস্কার কাজের গুণগতমান বাড়িয়ে বিদ্যুৎ ও সড়ক পরিস্থিতির উন্নয়ন দৃশ্যমান করার সুপারিশ করেছে সংসদীয় কমিটি। বুধবার পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৪১তম বৈঠকে এ সুপারিশ করা হয়। নতুন রাস্তা নির্মাণের চেয়ে ইতোমধ্যে সৃষ্ট রাস্তা মেরামত করে কার্যকর রাখার ওপর বেশি গুরুত্ব দেওয়ার সুপারিশ করে কমিটি। বৈঠকে বিদ্যুৎ উৎপাদনে গ্যাসের ওপর চাপ কমাতে দেশের কয়লা সম্পদ ব্যবহারের ওপরও গুরুত্ব দেওয়ার পরামর্শ আসে বলে সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়। কোনো ধরনের দীর্ঘসূত্রতা যেন কর্মকাণ্ডকে ব্যাহত না করে সেদিকে নজর রাখার পরামর্শ দেওয়া হয়। কমিটির সভাপতি এইচ এন আশিকুর রহমানের সভাপতিত্বে কমিটির সদস্য পরিকল্পনামন্ত্রী আব্দুল করিম খন্দকার, ড. মহীউদ্দীন খান আলমগীর ও মোহাম্মদ নজরুল ইসলাম বৈঠকে অংশ নেন। এছাড়া বৈঠকে পরিকল্পনা বিভাগের ভারপ্রাপ্ত সচিব ভূঁইয়া সফিকুল ইসলাম, বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের সচিব মো. মোজাম্মেল হক খান, পরিকল্পনা কমিশনের সদস্য ড. মো. ফজলুল বারী, ড. এম এ সাত্তার মণ্ডল ও ড. শামসুল আলমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এএইচ/২২১৮ ঘ.