মেহেরপুর, মার্চ ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মেহেরপুরে জেলা নির্বাচন কর্মকর্তাকে মারধরের অভিযোগে করা মামলায় চার ম্যাজিস্ট্রেটসহ ১৪ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দিয়েছে আদালত।
মেহেরপুরের বিচার বিভাগীয় হাকিম বৈজয়ন্ত বিশ্বাসের আদালতে বুধবার মামলাটি দায়ের করেন জেলা নির্বাচন কর্মকর্তা তারিক আহমেদ।
আসামিদের মধ্যে রয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট (এনডিসি) আসলাম উদ্দিন, নির্বাহী ম্যাজিস্ট্রেট (আরডিসি) অবিদিয় মার্ডি, ম্যাজিস্ট্রেট জুবায়ের আহমেদ, ম্যাজিস্ট্রেট সুজিত হাওলাদার, ডিসির গোপনীয় সহকারী মাহাফুজ্জামান, সহকারী নাজির রানাসহ ১৪ জন।
এদিকে এই ঘটনায় মঙ্গলবার মেহেরপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আসলাম উদ্দিনকে নড়াইল, নির্বাহী ম্যাজিস্ট্রেট আবিডিও মার্ডিতে সাতক্ষীরায় তাৎক্ষণিক বদলি করা হয়েছে। ওইদিনই তারা নতুন কর্মস্থলে যোগদান করেন।
এই ঘটনা তদন্তে নির্বাচন কমিশন সচিবালয়, মন্ত্রী পরিষদ বিভাগ ও খুলনা বিভাগীয় কমিশনার অফিস পৃথক তিনটি কমিটি গঠন করেছে।
মামলার নথি থেকে জানা যায়, গত সোমবার (১৯ মার্চ) দুপুরে এজাহারভুক্ত আসামিসহ অজ্ঞাত আরো ২০ জন জেলা নির্বাচন অফিসে বাদীর কার্যালয়ে ঢুকে তাকে মারতে মারতে জেলা প্রশাসক (ডিসি) অফিসের আরডিসির কক্ষে নিয়ে যায়। সেখানে আসামিরা তাকে চড়, কিল, ঘুষি মারে এবং জুতাপেটা করে। এক পর্যায়ে তাকে তারা হত্যাও চেষ্টা করে।
দণ্ডবিধির ১৪৩/৪৪৭/৩২৩/৩০৭/৩৬৪/৩৫৫/৩৫৩/৩৩২ ধারায় আসামিদের অভিযুক্ত করা হয়েছে।
জেলা নির্বাচন কর্মকর্তা তারিক আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভোটার তালিকা হালনাগাদ সম্বন্বয় কমিটি গঠনে জেলা প্রশাসকের সাক্ষাৎ সময় নির্ধারণ নিয়ে গোপনীয় সহকারী (সিএ) স্টেনোগ্রাফার মাহাফুজ্জামান তাকে হেনস্তা করেন।
পরে নির্বাচন কর্মকর্তাকে এনডিসি কয়েকদফা ডেকে পাঠালেও কাজের ব্যস্ততার কারণে তিনি যেতে পারেননি।
এর জের ধরে সোমবার (১৯ মার্চ) তাকে লাঞ্ছিত করা হয়।
নির্বাচন কমিশনে প্রতিবাদ সভা
এদিকে তৃতীয় শ্রেণি সরকারি কর্মচারী সমিতি ও বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, এন ঘটনার প্রতিবাদ এবং দোষীদের শাস্তির দাবিতে তারা বুধবার বিকালে নির্বাচন কমিশন সচিবালয় গেটে প্রতিবাদ সভা করেছে।
এছাড়া আগামী সাতদিন নির্বাচন কমিশনসহ দেশের সব জেলা ও উপজেলা নির্বাচন অফিসের কর্মকর্তা-কর্মচারীরা সকাল ১১টা থেকে একঘণ্টা কর্মবিরতি ও বিক্ষোভ করবেন বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচসি/ডিডি/২০৪৭ ঘ.
bdnews24