ঢাকা, মার্চ ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বৃহস্পতিবার ‘বিশ্ব পানি দিবস’। সবার কাছে সুপেয় পানি পৌঁছে দেওয়ার প্রত্যয়ে দিবসটি পালিত হবে বিশ্বব্যাপী।
এ উপলক্ষে বাংলাদেশেও নেওয়া হয়েছে নানা কর্মসূচি। এ ছাড়া বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বিভিন্ন কর্মসূচির মধ্যে কৃষি মন্ত্রণালয়, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সহযোগিতায় পানিসম্পদ মন্ত্রণালয় সকালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) কাউন্সিল ভবন মিলনায়তনে দিনব্যাপী কর্মশালার আয়োজন করেছে।
পানিসম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেন এতে উপস্থিত থাকবেন।
এ ছাড়া স্থানীয় সরকার মন্ত্রণালয়, বিশ্বব্যাংক ও জাইকার সহযোগিতা নিয়ে এনজিও ফোরাম ফর পাবলিক হেলথ কাকরাইলে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর মিলনায়তনে আয়োজন করবে সেমিনার।
এর আগে সংস্থাগুলো যৌথভাবে জাতীয় শহীদ মিনার থেকে একটি শোভাযাত্রা বের করবে।
রাষ্ট্রপতি জিল্লুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের দেওয়া পৃথক বাণীতে পানি দিবসের সাফল্য কামনা করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএল/২০২৯ ঘ.
bdnews24