ঢাকা, মার্চ ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অটিজম নিয়ে যারা কাজ করেন, তাদের প্রশিক্ষণের ওপর গুরুত্ব দিয়েছেন বাংলাদেশ জাতীয় অটিজম উপদেষ্টা কমিটির চেয়ারম্যান সায়মা হোসেন।
দেশে অটিজম আক্রান্তের সুনির্দিষ্ট পরিসংখ্যান এখন পর্যন্ত না থাকলেও ধীরে ধীরে এই বিষয়ে সচেতনতা গড়ে উঠছে বলে মনে করেন তিনি।
বুধবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে তিনি সাংবাদিকদের বলেন, ক্যান্সারাক্রান্ত একটি শিশুর চেয়ে অটিস্টিক শিশুদের সনাক্ত করার কাজটি অনেক কঠিন।
“তাই অটিজম আক্রান্তদের চিহ্নিত করার আগে প্রফেশনাল ট্রেনিং দরকার। যারা কমিউনিটি লেভেলে কাজ করেন, তাদের শেখাতে হবে- এটা (অটিজম) কী এবং কীভাবে তা নির্ণয় করা যায়।”
অটিজম সচেতনতা তৈরিতে কাজ করে আসা সায়মা মনে করেন, এ ক্ষেত্রে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে প্রধানমন্ত্রীকন্যা সায়মার ‘মিট দ্য প্রেস’-এর আয়োজন ছিল সেই লক্ষ্যকে ঘিরেই।
দেশে অটিজম সচেতনতা তৈরিতে কী করা উচিত- অনুষ্ঠাতে তা তুলে ধরেন গত বছর ঢাকায় অটিজম নিয়ে আন্তর্জাতিক সম্মেলন আয়োজনের উদ্যোক্তা সায়মা, যে সম্মেলনে ভারতের কংগ্রেসপ্রধান সোনিয়া গান্ধী, শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট চন্দ্রিকা কুমারাতুঙ্গাসহ অনেকেই অংশ নিয়েছিলেন।
আগে খুব-একটা কাজ না হলেও ওই সম্মেলনের পর দেশে অটিজম বিষয়ক কার্যক্রমে গতি এসেছে বলে মনে করেন অটিজম উপদেষ্টা কমিটির চেয়ারম্যান।
তিনি জানান, সম্মেলনের পর গঠিত জাতীয় উপদেষ্টা কমিটিতে বিভিন্ন পর্যায়ের প্রতিনিধি কাজ করছেন।
অটিজম বিষয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, সমাজ কল্যাণ, মহিলা ও শিশু, শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় একযোগে কাজ করছে।
সায়মার পরামর্শ, মন্ত্রণালয়ের সহায়তা নিয়ে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কাজের একটি সেতুবন্ধন গড়ে তুলতে হবে।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রাণ গোপাল দত্ত জানান, এশিয়ার সবগুলো দেশ অটিজম নিয়ে একসঙ্গে কাজ করতে চাইছে।
অটিস্টিকদের কোনো পরিসংখ্যান না থাকার তথ্য সায়মা তুলে ধরার পর এ বিষয়ে সাংবাদিকরা প্রশ্ন করেন অনুষ্ঠানে উপস্থিত সমাজকল্যাণমন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদকে।
তিনি বলেন, প্রতিবন্ধীদের চিহ্নিতকরণে জরিপ চলছে। দেশের ১০ শতাংশ লোক বিভিন্ন ধরনের প্রতিবন্ধী। এর মধ্যে এক শতাংশ অটিজমে আক্রান্ত।
“জরিপ অনুযায়ী সারাদেশে ১৬ থেকে ১৭ হাজার অটিস্টিক শিশু রয়েছে। তবে ডোর টু ডোর সার্ভে করে প্রকৃত সংখ্যা বের করতে হবে,” বলেন মন্ত্রী।
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব রঞ্জিত কুমার বিশ্বাস জানান, সাত বিভাগের আটটি উপজেলায় পাইলট ভিত্তিতে প্রতিবন্ধী জরিপ কাজ চলছে। এ সংক্রান্ত চারটি প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।
প্রতিবন্ধীদের অধিকার প্রতিষ্ঠায় আইন তৈরির প্রক্রিয়ার কথা জানিয়ে তিনি বলেন, আইন মন্ত্রণালয়ের অনুমোদনের পর তা চূড়ান্ত করা হবে।
ডা. মিলন হলে অনুষ্ঠিত মিট দ্য প্রেস-এ মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী শিরিন শারমিন চৌধুরী, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিবন্ধী বিষয়ক আঞ্চলিক বিশেষজ্ঞ অলকা গুহ উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/আরএ/এমআই/১৯০৪ ঘ.
bdnews24